পোশাক শিল্পের নিরাপত্তার জন্য ব্রিটিশ সহায়তা

ছবির উৎস, no credit
- Author, আহরার হোসেন
- Role, বিবিসি বাংলা, ঢাকা
- Published
বাংলাদেশের পোশাক শিল্পে নিরাপদ কাজের পরিবেশ তৈরি করতে তিনটি সহায়তা প্রকল্পের ঘোষণা দিয়েছেন ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যালান ডানকান।
সাভারে রানা প্লাজা ভবন ধসে এগারোশোর বেশি শ্রমিক নিহত হওয়ার এক বছর পূর্তির প্রাক্কালে বাংলাদেশ সফরে গিয়ে তিনি এই ঘোষণা দেন।
অ্যালান ডানকান জানিয়েছেন, এই তিনটি প্রকল্পের আওতায় পোশাক শিল্পে জড়িত নানা পর্যায়ের মানুষকে প্রশিক্ষণ সহায়তা দেয়া হবে।
বুধবার সাভারে গিয়ে মিস্টার ডানকান রানা প্লাজা থেকে বেঁচে যাওয়া গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এদের অনেকেই এখন বিভিন্ন দাতা গোষ্ঠীর সহায়তায় প্রশিক্ষণ নিয়ে নতুন করে জীবন শুরু করেছেন।
সাফল্যের গল্প
ফ্যাশন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স নামে একটি দোকানে পদ-চালিত সেলাই মেশিন চালাচ্ছিলেন সাবিনা বেগম। এখানে স্থানীয় মহিলাদের জন্য পোশাক তৈরি করা হয়। দোকানটি সাভারের ধ্বসে পড়া রানা প্লাজা থেকে মাইলখানেক দূরে।
গত বছরের ২৪শে এপ্রিল ভেঙে পড়া রানা প্লাজার একটি পোশাক কারখানাতে কাজ করতেন সাবিনা। জীবিত উদ্ধার পাবার পর তিনি আর পোশাক কারখানায় ফিরে যেতে চাননি। তবে আর কোন্ও কাজ জানেন না বলে কয়েক মাসের প্রশিক্ষণ শেষে এই পেশায় এসেছেন।
সাবিনাসহ মোট তিনজন মহিলা কাজ করেন এই টেইলার্সে, যাদের সবাই রানা প্লাজার ধস থেকে রক্ষা পেয়েছেন।
এদেরকে প্রশিক্ষণ সহায়তা দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএল্ও, যেখানে ব্রিটিশ সরকারের আর্থিক অনুদান রয়েছে।
একই ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, সাভারের পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে।
এখান থেকে চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা নিয়ে এখন নিজের পায়ে উঠে দাঁড়াতে পেরেছে রাবেয়া আক্তার।
প্রায় আটমাস উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না তার। এখন সে শুধু উঠেই দাঁড়ায়নি, নতুন করে জীবন শুরুর লক্ষ্যে সে স্কুলে ভর্তি হয়েছে। সেই সাথে সিআরপির পুনর্বাসন সহায়তা পেয়ে বাড়িতে খুলেছে নিজের সেলাই ব্যবসা।
বাংলাদেশ সফরে এসে ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যালান ডানকান এগুলোকে উল্লেখ করলেন সাফল্যের গল্প হিসেবে। তবে সেই সাথে ভবিষ্যতে বাংলাদেশকে পোশাক খাতের কর্মপরিবেশের মান নিশ্চিত করবার উপরও জোর দিচ্ছেন তিনি।
সবার আগে নিরাপত্তা
আ্যালান ডানকান বলেন, “সবার আগে শিল্পের মান নিশ্চিত করতে হবে। আমাদেরকে নিশ্চিত করতে হবে, যে দোকানে পণ্য বিক্রি হচ্ছে সেখান থেকে শুরু করে যেখানে পন্য তৈরি করা হচ্ছে সেই পর্যন্ত সংশ্লিষ্ট মানুষদের নিরাপত্তা, কর্মপরিবেশ, ন্যূনতম মজুরী। অতএব সবার আগে আমাদের শিল্পের জন্য একটা মানদণ্ড প্রয়োজন। কিন্তু সেই দূর্ঘটনার পর এক বছর পেরিয়ে যাচ্ছে, এবং আমাদেরকে ওই দুর্ঘটনার ভূক্তভোগিদের দিকে নজর দিতে হবে।"
"আর এখানে আপনি দেখতে পাচ্ছেন সাফল্যের উদাহরণ, তিনজন মহিলা যারা দিনের পর দিন ধ্বংসযজ্ঞের ভেতরে চাপা পড়ে ছিলো, তারা এখন রোজগার করছে। তাদেরকে সাহায্য করতে পেরে আমরা খুশী। আমরা এরকম সাফল্যের গল্প আরো দেখতে চাই।”
মিস্টার ডানকানের ঘোষণা মোতাবেক আপস্কিল, হার এবং বেনেফিটস ফর বিজসনেস অ্যান্ড ওয়ার্কার্স ইন বাংলাদেশ আরএমজি সেক্টর নামে তিনটি প্রকল্প অচিরেই শুরু হতে যাচ্ছে, যার আওতায়, কর্মপরিবেশ উন্নয়ন, নিরাপত্তা, প্রযুক্তি ও স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া এবছরের মাঝামাঝি সময়ে শুরু হবে বেটার ওয়ার্ক প্রোগ্রাম নামে আরো একটি পূর্বঘোষিত কর্মসূচী।








