বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতা নিজামীর বিচার শেষ, যে কোন দিন রায়

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান মতিউর রহমান নিজামী
ছবির ক্যাপশান, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান মতিউর রহমান নিজামী
Published

বাংলাদেশে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় দু’পক্ষের যুক্তিতর্ক শেষে, ট্রাইব্যুনাল যে কোন দিন রায় ঘোষণা করার কথা বলেছে।

এই মামলায় দ্বিতীয় দফায় যুক্তিতর্কের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার কার্যক্রম শেষ করেছে।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, মামলাটি এর আগে রায়ের জন্য আসার পর ট্রাইব্যুনালের বিচারক পরিবর্তন হওয়ায় দ্বিতীয় দফায় যুক্তিতর্ক করতে হয় এবং সে কারণে বিলম্ব হয়েছে।

মি: নিজামীর বিরুদ্ধে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী হত্যাসহ ১৫টি অভিযোগ আনা হয়েছে।

যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনেও জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।

তাঁর পক্ষের আইনজীবীর যুক্তি উপস্থাপনের পর রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য দেয়।

ট্রাইব্যুনাল দু’পক্ষের বক্তব্য শোনার পর মামলার কার্যক্রম শেষ করে রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে।

গত বছরের ১৩ই নভেম্বর মি: নিজামীর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।

সেই পর্যায়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবির অবসরে যান।

ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলের সৈয়দ হায়দার আলী জানিয়েছেন, ট্রাইব্যুনালে নতুন চেয়ারম্যান দায়িত্ব নেবার পর তাঁকে মামলার সারাংশ বা চূড়ান্ত যুক্তিতর্ক শুনতে হলো। সেটাই বিলম্বের অন্যতম কারণ।

আইনজীবীরা এটাও উল্লেখ করেছেন যে, গত বছরের নভেম্বরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান যখন অবসরে যান, তখন ৫ই জানুয়ারির সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি ছিল আওয়ামী লীগ-নেতৃত্বাধীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

বিএনপি এবং জামায়াতের জোট ঐ নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল।

উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সামাল দিয়ে নির্বাচন করার পর আওয়ামী লীগ আবার সরকার গঠন করে । এরপর কিছুটা সময় নিয়ে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান হিসেবে হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিমকে নিয়োগ করা হয়।

মতিউর রহমান নিজামীর পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হওয়ায় দ্বিতীয় দফায় যুক্তিতর্কের বিষয় এসেছে। কিন্তু মি: ইসলাম মনে করেন, তাঁর মক্কেলের অন্য মামলার কারণেও ট্রাইব্যুনালে কার্যক্রম শেষ হতে সময় লেগেছে।

মি: নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে ১৬টি অভিযোগ আনা হয়েছিল।

সৈয়দ হায়দার আলী বলেছেন, শেষ পর্যন্ত তাঁরা ১৫টি অভিযোগ সম্পর্কে দলিল বা প্রমাণ আদালতে উপস্থাপন করেছেন।

এসব অভিযোগের ক্ষেত্রে আদালতে বলা হয়েছে, ১৯৭১-এর মি: নিজামী ইসলামী ছাত্র সংঘের নেতা হিসেবে আল-বদর বাহিনীর নেতৃত্বে ছিলেন এবং সে কারণে সরাসরি ঘটনার সাথে সম্পৃক্ত থাকার পাশাপাশি পরিকল্পনা এবং ষড়যন্ত্রেরও অভিযোগ আনা হয়েছে।

জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ঢাকায় বুদ্ধিজীবী হত্যার অভিযোগের পাশাপাশি পাবনা অঞ্চলে সংঘঠিত বিভিন্ন ঘটনাকে ঘিরেও অভিযোগ আনা হয়েছে। তাঁর আইনজীবী মিজানুল ইসলাম বলেছেন, তারা তাদের মক্কেলকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মি: নিজামীকে আটক করা হয়েছিল ২০১০ সালের ২৯শে জুন। এর দু’বছর পর তাঁর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছিল।