জাতিসংঘ দূতের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক বাতিল

বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক সঙ্কট নিষ্পত্তির জন্য আসা জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ-তারানকোর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত বৈঠক বাতিল হয়েছে।
জাতিসংঘের সহকারী মহাসচিবের ঢাকা ছেড়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ দ্বিতীয় দফায় এই বৈঠক হওয়ার কথা ছিলো।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বৈঠক বাতিলের খবরটি নিশ্চিত করেছেন কিন্তু কোন পক্ষ বৈঠকটি বাতিল করেছে বা কেনো বাতিল করা হয়েছে সেসব বিষয়ে কিছু জানা যায়নি।
গতকাল মঙ্গলবার এই বৈঠক হওয়ার কথা ছিলো। কিন্তু গতকালই জাতিসংঘের দূতের ঢাকা সফরের সময় একদিন বাড়ানো হয় ও বৈঠকটি একদিন পিছিয়ে দেওয়া হয়।
আজ বুধবার বিকেলে তার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
মঙ্গলবার মি. ফার্নান্দেজ তারানকোর উপস্থিতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবারও সেই বৈঠক হয়েছে।
কিন্তু বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো পক্ষ থেকেই কিছু বলা হচ্ছে না।
গতকালের বৈঠকে উপস্থিত আমির হোসেন আমু বলেছেন, আলোচনার সময় উভয় পক্ষ নিজেদের শর্ত তুলে ধরেছে। কিন্তু নির্বাচন কিভাবে হবে সে নিয়ে কোনো কথাবার্তা হয়নি।
তিনি বলেন, ‘বিএনপি তাদের আটক নেতাদের মুক্তি চেয়েছে আর আমরা বলেছি সহিংসতা বন্ধ করতে হবে।’
এর আগে মি. ফার্নান্দেজ তারানকো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একবার ও বিরোধী নেত্রী খালেদা জিয়ার সাথে দু’দফায় বৈঠক করেছেন।
জাতিসংঘের দূত আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিলেও বিবদমান দুটো দলের নেতাদের সাথে কথা বলে মনে হয়েছে সঙ্কট যেখানে ছিলো সেখানেই রয়েছে।








