কাদের মোল্লার ফাঁসি কার্যকরের শুনানি মুলতবি

- Author, সাইয়েদা আকতার
- Role, বিবিসি বাংলা, ঢাকা
- Published
বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ আদৌ আছে কী-না, সে বিষয়ে শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
ফলে বিচারাধীন বিষয় হওয়ায় পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ওপর চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ বহাল থাকছে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এদিকে শীতকালীন অবকাশের আগে বৃহস্পতিবারই আপিল বিভাগের শেষ কার্যদিবস, ফলে এর মধ্যে বিষয়টি নিষ্পত্তি না হলে রায় কার্যকরের বিষয়টি আগামী বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে বলে আদালতের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার সকালে আপীল বিভাগের কার্যতালিকা সংশোধন করে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে কাদের মোল্লার ফাঁসির কার্যক্রম স্থগিত করার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানির শুরুতে আসামী পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, আগের রাতে চেম্বার বিচারপতির কাছে তারা একটি রিভিউ আবেদন জমা দিয়েছেন।
এরপর, কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের ওপর স্থগিতাদেশ বাড়ানোরও আবেদন করেন আসামির আইনজীবীরা। তবে, ফাঁসির রায় কার্যকরের ওপর স্থগিতাদেশ বাড়ানোর সুযোগ নেই জানিয়ে, ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ আদৌ আছে কি-না সে বিষয়ে আদালত যুক্তিতর্ক উপস্থাপন করতে বলেন।

বিষয়টি নিয়ে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এই রায় পুনর্বিবেচনার সুযোগ নেই।
তিনি বলেন, “সংবিধানের ৪৭ (ক) ধারাতে বলা আছে, যুদ্ধাপরাধী যারা সংবিধান অনুযায়ী মৌলিক অধিকারের কয়েকটি ধারার কোন সুযোগ তারা পাবেন না। তারা কোন প্রতিকারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন না।”
অন্যদিকে, আসামী পক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, মামলা পুনর্বিবেচনার জন্য তারা পর্যাপ্ত সুযোগ পাননি, ফলে তাদের কিছুদিন সময় প্রয়োজন।
তিনি বলেন, এই মামলাটি আইসিটি আইনের মামলা হলেও রিভিউ করার জন্য অন্য মামলায় যে সুযোগ রয়েছে, সেই একই সুযোগ এই মামলায়ও তারা প্রত্যাশা করেন।
“আইন ও রুল সাপেক্ষে যা বলা হয়েছে তা সংবিধানের ক্ষমতাকে হরণ করতে পারে না। এমন কোন আইন নেই, যাতে বলা হয়েছে যে রিভিউ করা যাবে না। ১৯৭৩ সালের যে যুদ্ধাপরাধ আইন তার কোথাও বলা নেই যে রিভিউ করা যাবেনা। সুতরাং আদালতের ক্ষমতা আছে।”

পরে আদালত এই শুনানি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে।
এর ফলে বিচারাধীন বিষয় হওয়ায় পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ওপর চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ বহাল থাকছে বলে জানিয়েছে আপিল বিভাগ।
অন্যদিকে, বৃহস্পতিবার আপিল বিভাগের শেষ কার্যদিবস।
এরপর সাপ্তাহিক বন্ধ শেষে শুরু হবে শীতকালীন ছুটি।
এ সময় আপিল বিভাগের চেম্বার বিচারপতি বসলেও নিয়মিত কোনো আদালত বসে না।
ফলে আসামি পক্ষকে দুই দিন সময় দেয়া হলে রায় বাস্তবায়ন কার্যত আগামী বছর পর্যন্ত ঝুলে যাবে বলে উল্লেখ করেন এটর্নি জেনারেল মি. আলম।
শুনানি চলার সময় জামায়াতের বিপুল সংখ্যক আইনজীবী সুপ্রিম কোর্টে উপস্থিত থাকেন।
শুনানি মুলতবি হওয়ার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তারা সরকার বিরোধী শ্লোগান দেন।








