সঙ্কট সমাধানের উপায় খুঁজতে দফায় দফায় বৈঠক করছেন জাতিসংঘ দূত

প্রধান নির্বাচন কমিশনারের সাথে জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ-তারানকো
ছবির ক্যাপশান, প্রধান নির্বাচন কমিশনারের সাথে জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ-তারানকো
    • Author, আহরার হোসেন
    • Role, বিবিসি বাংলা, ঢাকা
  • Published

বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অচলাবস্থা নিরসনের উপায় খুঁজতে ঢাকায় দফায় দফায় বৈঠক করছেন সফররত জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ-তারানকো।

আজ রবিবার তিনি আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় পার্টির প্রধান, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা এবং সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধির সাথে।

এর আগে গতকাল শনিবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী নেত্রী খালেদা জিয়ার সাথেও সঙ্কট সমাধানের উপায় নিয়ে আলোচনা করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের সাথে বৈঠকের পর নির্বাচন কমিশনের সূত্র বলছে, জাতিসংঘের দূত নির্বাচন পেছানো যায় কীনা সে বিষয়ে তাদের কাছে জানতে চেয়েছেন।

জবাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে নির্বাচন পেছানোর উপায় আছে।

তবে সেই নির্বাচন অবশ্যই হতে ২৪শে জানুয়ারির মধ্যে।

আগামী ৫ই জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতীয় পার্টির প্রধান জেনারেল এরশাদের সাথে বৈঠক
ছবির ক্যাপশান, জাতীয় পার্টির প্রধান জেনারেল এরশাদের সাথে বৈঠক

গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় মি. ফার্নান্দেজ-তারানকো জানতে চেয়েছিলেন নির্বাচন পেছানোর কোন উপায় আছে কীনা।

প্রধানমন্ত্রী বলেছিলেন, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। এনিয়ে তাদের সাথে কথা বলতে হবে।

এর আগে জাতীয় পার্টির প্রধান জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে বৈঠকে মি. ফার্নান্দেজ-তারানকো সবকটি রাজনৈতিক দলকে নির্বাচনে নিয়ে আসার উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

দলের নেতারা বলছেন, জেনারেল এরশাদ তাকে বলেছেন, এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই।

জাতীয় পার্টির একজন নেতা বলেছেন, মি. ফার্নান্দেজ-তারানকোকে তারা জানিয়েছেন নির্বাচন পিছিয়ে দিয়ে সবকটি রাজনৈতিক দলকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন খুবই জরুরী।

এরপর জাতিসংঘের দূত প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা গওহর রিজভীর সাথেও অনির্ধারিত এক বৈঠকে যোগ দেন। কিন্তু সেখানে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায় নি।

বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতার মধ্যেই মধ্যস্থতা করতে মিস্টার ফার্নান্দেজ-তারানকোর নেতৃত্বে জাতিসংঘের একটি প্রতিনিধি দল এখন ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছে।

সংবাদদাতারা বলছেন, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর সাথে তিনি আরো এক দফায় আলোচনায় বসবেন বলে কথা রয়েছে।