মৃত্যুদণ্ডের রায়ে নিহত-নির্যাতিতদের পরিবারে স্বস্তি

চট্টগ্রামে নিহত নূতন চন্দ্র সিংহের স্মরণে বাংলাদেশ ডাক বিভাগের স্মারক ডাকটিকেট
ছবির ক্যাপশান, চট্টগ্রামে নিহত নূতন চন্দ্র সিংহের স্মরণে বাংলাদেশ ডাক বিভাগের স্মারক ডাকটিকেট
    • Author, শায়লা রুখসানা
    • Role, বিবিসি বাংলা, ঢাকা
  • Published

মানবতা বিরোধী অপরাধের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যে নয়টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে তার মধ্যে চারটিতে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

এরকমই একটি হত্যা মামলায় চট্টগ্রাম থেকে একাধিকবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন চট্টগ্রামের বাসিন্দা উম্মে হাবিবা সুলতানা।

তিনি জানান, ১৯৭১ সালের এপ্রিলে রাউজান এলাকায় বাবার বাড়ি থেকে রহমতগঞ্জে শ্বশুরবাড়িতে ফেরার পথে হাটহাজারি এলাকায় তাদের গাড়ি থামিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর সহায়তায় পাকিস্তানী সেনারা তার স্বামী এবং শ্বশুরকে ধরে নিয়ে যায়।

হাবিবা সুলতানা বলেন আজকের রায় তার নিজের এবং পরিবারের সদস্যদের মাঝে এতদিন পরে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার তাদের আত্মীয় হওয়াতে তার মা এবং ভাইকে নিয়ে মিস্টার চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরীর কাছে গিয়ে স্বামী এবং শ্বশুরের প্রাণ-ভিক্ষা চান তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে আর ছাড়া হয়নি।

বাবা মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর রাজনৈতিক প্রভাবের কারণে তখন সালাউদ্দিন কাদের চৌধুরী এলাকায় নির্বিঘ্নে এসব কর্মকাণ্ড চালান বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।

মামলার তদন্ত কর্মকর্তা এবং বাদী সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম জানান, আদালতে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেন মোট ৪১ জন।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর মিস্টার চৌধুরীর নির্যাতনের বিভিন্ন অভিযোগে সাক্ষ্য দেন অনেকে।

এরকম এক ঘটনায় জগৎমল্ল পাড়া এলাকায় ৩২ জন হিন্দু ব্যক্তিকে জড়ো করে হত্যার অপরাধে তাকে ২০ বছর কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আশিষ কুমার চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলছিলেন, তারা যে সাক্ষ্য দিয়েছেন আজ তার ফল পেয়েছেন।

স্থানীয় একটি ওষুধের দোকানের মালিক নূতন চন্দ্র সিংহকে সেসময় গুলি করে হত্যার অভিযোগে ফাঁসির দণ্ড হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ।

তবে নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল চন্দ্র সিংহ কেবল রায় কার্যকর হওয়ার পরই প্রতিক্রিয়া দেবেন বলে বিবিসিকে জানান।

একাত্তর সালে সালাউদ্দিন কাদের চৌধুরীর পৈতৃক নিবাস গুডস হিলে সেসময় অনেককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে। সেখানেই নির্যাতনের শিকার হয়েছিলেন বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন চিটাগাং কলেজের সেসময়কার ছাত্র এবং তরুণ মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন আহমেদ।

বর্তমানে সাংবাদিক হিসেবে কর্মরত মিস্টার আহমেদ এই রায়ে সন্তোষ প্রকাশ করলেও, আপিল বিভাগে যেন রায় বহাল থাকে সে বিষয়ে তিনি আশা প্রকাশ করেন।

ক্ষতিগ্রস্ত ও নির্যাতনের শিকার পরিবারগুলোর সদস্যরা মিস্টার চৌধুরীর ফাঁসির রায়ে মনে করছেন, দেরিতে হলেও তারা প্রত্যাশিত রায় পেয়েছেন।

তবে সামনে নির্বাচনের মাধ্যমে যদি সরকার বদল হয়ে যায় সেক্ষেত্রে এইসব মামলার রায়ের কি পরিণতি হবে সে বিষয়ে আশঙ্কা রয়েছে ক্ষতিগ্রস্ত এইসব পরিবারের সদস্যদের মাঝে।