'শ্রমিকের অধিকার নিশ্চিত করতে চাই রাজনৈতিক প্রতিশ্রুতি'

    • Author, আকবর হোসেন
    • Role, বিবিসি বাংলা, ঢাকা
  • Published

বাংলাদেশ সফররত ব্রিটিশ এমপিদের একটি দল বলেছে, বাংলাদেশের তৈরি পোশাক খাতের উন্নতির জন্য একটি দীর্ঘমেয়াদী এবং সুষ্ঠু পরিকল্পনা দরকার।

তারা বলেন, এই খাতের উন্নয়ন ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শক্ত রাজনৈতিক প্রতিশ্রুতি জরুরী।

ঢাকা সফরকালে ব্রিটিশ এই এমপিরা পোশাক কারখানার মালিক, শ্রমিক এবং সরকারের সাথে কথা বলার পর সোমবার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।

অলপার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যরা ঢাকা সফরের শেষদিনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, রানা প্লাজা এবং তাজরীনের ঘটনায় তারা গভীর মর্মাহত।

শ্রমজীবী গরিব মানুষ যেভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল সেটার দৃশ্য ছিল ভয়ঙ্কর।

অল পার্টি পার্লামেন্টারি দলের প্রধান এ্যান মেইর বলেন, “বাংলাদেশে এই সময়টা স্পর্শকাতর। সামনে নির্বাচন।”

কিন্তু নির্বাচনে যে দলই জয়লাভ করুক না কেন – পোশাক শিল্পের জন্য বাংলাদেশের একটি দীর্ঘ মেয়াদী কৌশল ও কর্মপন্থা থাকা দরকার বলে তিনি মনে করেন।

তিনি বলেন, মনে রাখতে হবে সরকার পরিবর্তনের সাথে সাথে সেই পরিকল্পনাও যেন পরিবর্তন না হয়ে যায়।

এ্যান মেইর বলেন, “আমি যাদের সাথে কথা বলেছি তারা আমাকে বলেছে - শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনৈতিক প্রতিশ্রুতি খুব একটা নেই।”

লেবার পার্টির এমপি জনাথন রেনল্ডস বলেন, রানা প্লাজার ধ্বংসযজ্ঞ দেখার পর তার এলাকার অনেকেই ভেবেছিলেন যে এটা হয়তো শ্রমিকদের শোষণ করার মতোই একটা বিষয়। কিন্তু এখন সবাই বুঝতে পারছে যে বিষয়টা তার চেয়েও জটিল।

মি: রেনল্ডস বলেন, “আমরা চাই বাংলাদেশের তৈরি পোশাক খাতের উন্নতি হোক। গার্মেন্ট খাতের জন্য একটা উপযোগী শিল্পনীতি থাকাটা জরুরী।”

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতের অবকাঠামোতে অনেক সমস্যা আছে। এখানে ভালো বিল্ডিং কোড আছে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো সেটা ঠিকমতো মানা হচ্ছে কিনা এবং সঠিক জায়গায় বিল্ডিং তৈরি করা হচ্ছে কীনা।

ব্রিটিশ পার্লামেন্টারি পার্টি বলেছে, ব্রিটেনের অনেক ক্রেতা বাংলাদেশের তৈরি উন্নত মানের পোশাক ক্রয় করে।

বহুতল রানা প্লাজা ধসে নিহত হয় হাজারেরও বেশি শ্রমিক
ছবির ক্যাপশান, বহুতল রানা প্লাজা ধসে নিহত হয় হাজারেরও বেশি শ্রমিক

ব্রিটেনের ক্রেতাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ।

তারা বলেন, এটা নিশ্চিত করা দরকার যে আমরা যেখান থেকে পোশাক কিনছি সেখানে শ্রমিকদের অধিকার নিশ্চিত হচ্ছে।

ব্রিটিশ এমপিরা মনে করেন, বাংলাদেশের গার্মেন্ট শিল্পের ভবিষ্যৎ কী সেটা এখন এক গুরুত্বপূর্ণ প্রশ্ন।

এটার কোনো সহজ এবং সরাসরি উত্তর নেই বলেও তারা মনে করেন।

এর সাথে অনেক বিষয় জড়িত।

বাংলাদেশের শ্রমিকরা যেন নিরাপদে কারখানায় গিয়ে ফিরে আসতে পারে সেটি জরুরী বিষয়।

এজন্য শ্রমিকদের অধিকারের ব্যপারে সচেতন থাকতে হবে।

ব্রিটিশ এমপি সাইমন ড্যানচাক বলেন, ন্যূনতম মজুরী পুণ:নির্ধারণের জন্য যে আলোচনা চলছে সেটি শুনে তিনি খুব আনন্দিত।

এটা সব পক্ষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হবে বলে তিন আশা করেন।

মি: ড্যানচাক বলেন, ব্রিটেনের ক্রেতারা যারা বাংলাদেশ থেকে পোশাক কিনছে তাদের জানার অধিকার আছে এই পোশাক যেখানে তৈরি হয়, সেখানে শ্রমিকদের অবস্থা কেমন।

তিনি মনে করেন, আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আরও বেশি দায়িত্ববান হতে হবে। সমস্যা থেকে তাদের সরে গেলে চলবে না। এরমধ্যে থেকে বাংলাদেশকে সহায়তা করতে হবে।

বাংলাদেশ সফরকালে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ যে তথ্য পেয়েছে তার ভিত্তিতে ব্রিটেনে ফিরে তারা একটি প্রতিবেদন তৈরি করবে।

এরপর বাংলাদেশের তৈরি পোশাক খাতকে দীর্ঘমেয়াদে কিভাবে সহায়তা করা যায় সেটিও তারা ভেবে দেখবেন।