আসামে বাংলাদেশী হিন্দুদের বৈধতা দানের আহবান

আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ
ছবির ক্যাপশান, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ
    • Author, অমিতাভ ভট্টশালী
    • Role, বিবিসি বাংলা, কলকাতা
  • Published

উত্তরপূর্ব ভারতের রাজ্য আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের কারণে যারা সেরাজ্যে চলে আসতে বাধ্য হচ্ছেন, তাঁদের বৈধতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে তিনি আবেদন করবেন।

মুখ্যমন্ত্রী তরুণ গগৈ জানিয়েছেন, যেভাবে বিদেশীদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়, সেই ধরনেরই কোনো একটা পন্থায় বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের কারণে চলে আসতে বাধ্য হওয়া মানুষদের বৈধভাবে বসবাসের ব্যবস্থা করার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করবেন।

আসামের মন্ত্রীরা বলছেন, হিন্দুরা জমি জায়গা দখল করতে নয়, নির্যাতনের কারণে আসতে বাধ্য হচ্ছেন বলে তাঁদের জন্যে আলাদা ব্যবস্থা করা দরকার।

আসাম রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী গৌতম রায় বিবিসিকে বলছিলেন, “আমাদের মুখ্যমন্ত্রী অনেকবারই এনিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। বহুবার দিল্লিতে দরবারও করেছেন। আমি নিজে আসামের একজন বাংলাভাষী হিন্দু নাগরিক – সরকারের এই অবস্থান আমি ব্যক্তিগতভাবেও সমর্থন করি।”

তাঁর কাছে যখন জানতে চাওয়া হয় যে বাংলাদেশ থেকে কি শুধুই হিন্দুরা চলে আসছেন, তখন মি. রায় জানান, “মুসলমানরাও বাংলাদেশ থেকে আসছেন বলে যে প্রচার করা হয়, সেটা ভুয়া, মিথ্যা।”

আসামের আরেক মন্ত্রী প্রদ্যুত বরদলৈ বলছিলেন, পূর্ব পাকিস্তান হোক বা বাংলাদেশ হোক, হিন্দুরা সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছেন – জমি জায়গা দখল করতে আসেন নি তাঁরা। তাই তাঁদের আলাদা ব্যবস্থা করতেই হবে।

বিরোধী দল বি জে পি-ও মনে করে বাংলাদেশ থেকে নিয়মিত হিন্দুরা আসামের চলে আসছেন।

তবে বি জে পি বলছে, এই সব মানুষের বৈধতা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণা একটা রাজনৈতিক চাল।

আসামে গৃহহীন মানুষ
ছবির ক্যাপশান, আসামে গৃহহীন মানুষ

আসাম বি জে পি-র সহসভাপতি অজিত ভট্টাচার্য বিবিসি বাংলাকে জানান, “কেউ ঘরবাড়ি ছেড়ে আসতে চায় না। কিন্তু কোনো কোনো ঘটনার প্রেক্ষিতে হিন্দুরা চলে আসতে বাধ্য হন – সেদেশে থাকার যখন আর কোনো উপায়ই থাকে না, তখনই তাঁরা ভারতে চলে আসেন। তবে তাঁদের জন্য মুখ্যমন্ত্রীর দরদ শুধু ভোটের আগেই দেখা যায়।”

মি. ভট্টাচার্য আরও বলছিলেন, তরুণ গগৈ আগেও একবার কাছাড়ে গিয়ে বাংলাদেশ থেকে চলে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু ভোটের পরে সেটা নিয়ে আর উচ্চবাচ্য করেন নি।

বি জে পি-র মতোই আসামের বাংলাভাষী মুসলমানরাও মুখ্যমন্ত্রীর ঘোষণাকে রাজনৈতিক চাল বলে মনে করছেন।

বাংলাভাষী মুসলমানরা আসামের একটা বড় জনগোষ্ঠী।

তারা বলছে, বাঙালি মুসলমানদের সমস্যা সমাধানে মি. গগৈ কিছুই করছেন না।

অল আসাম মুসলিম স্টুডেন্টস ইউনিয়নের মুখপাত্র রকিবুল ইসলামের কথায়, “সাম্প্রতিক দাঙ্গার পরে মুসলমানদের ঘরবাড়ি লুঠ হচ্ছে, জুলুম চলছে। তরুণ গগৈয়ের সেদিক নজর নেই। অথচ হঠাৎ করে তিনি ঘোষণা করলেন বাংলাদেশ থেকে আসা হিন্দুদের বৈধতা দেওয়ার কথা। ২০১৪ সালে ভোট আসছে। মুখ্যমন্ত্রী সেই ভোটের দিকে তাকিয়েই এই ঘোষণা করেছেন বলে মনে করছি আমরা।”

তরুণ গগৈয়ের কথায় প্রশ্ন উঠছে যে ধর্মের ভিত্তিতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়া যায় কী না।

আবার শুধু হিন্দুদের যদি বিশেষ আশ্রয় দেওয়া হয়, তাহলে তা ১৯৮৫-র আসাম চুক্তির বিরুদ্ধে যাবে কী না, সেই প্রশ্নও উঠছে।

ওই চুক্তি অনুযায়ী ১৯৭১ সালের মার্চ মাসের ২৪ তারিখকে ভিত্তি দিন হিসাবে ধরে তার পরে আসা সব বিদেশি নাগরিককে চিহ্নিত করে তাদের বিতাড়নের সিদ্ধান্ত হয়েছিল।