দাবী আদায়ে বাংলাদেশে বিরোধী জোটের নতুন কর্মসূচী

    • Author, কাদির কল্লোল
    • Role, বিবিসি বাংলা, ঢাকা
  • Published

বাংলাদেশে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ঢাকায় এক সমাবেশ থেকে বর্তমান আওয়ামীলীগের নেতৃত্বাধীন সরকারকেই নির্দলীয় সরকার প্রতিষ্ঠার বিল সংসদে উত্থাপনের আহবান জানিয়েছেন।

নির্বাচন পরিচালনার জন্য নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পক্ষ থেকে মাসব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে বড় আটটি শহরে সমাবেশ এবং দেশব্যাপী গণসংযোগ।

বিশ্লেষকদের অনেকেই বলেছেন, সরকারের শেষ মুহূর্তে বড় ধরণের আন্দোলনের প্রস্তুতি এবং নির্বাচন টার্গেট রেখে বিএনপি গণসংযোগের কর্মসূচি নিয়েছে।

নির্বাচন-কালীন সরকার ব্যবস্থা প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার মন্তব্য করেছিলেন,সংবিধান থেকে তারা এক চুলও নড়বেন না। এর জবাবে বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছেন, বাতাসে গেলেই কিন্তু চুল উড়ে যাবে।

‘’এমন আন্দোলন হবে, চুল উড়ে দিশেহারা হয়ে যাবেন। চুল তো থাকবেই না, অস্তিত্ব নিয়ে টানাটানি পড়বে,’’ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মিসেস জিয়া বলেন।

বিএনপি নেত্রী খালেদা জিয়া অনেকদিন পর ঢাকায় কোন সমাবেশে বক্তব্য রাখলেন। তাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা যেমন ছিল, তেমনি ছিল বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির কথাবার্তা।

বিভিন্ন খাত ধরে ধরে খালেদা জিয়া বিএনপির চিন্তার কথা তুলে ধরেন। তিনি বলেন, তাঁরা নির্বাচনী ইশতেহার আরও পরে দেবেন এবং তাতে জনকল্যাণমূলক কাজের কথা থাকবে।

‘’আমরা নতুন ধারা রাজনীতি উপহার দেব। সরকারও নতুন ধারার হবে। সকলকে নিয়ে কাজ করবো, কোন বিভক্তি আনবো না। আওয়ামীলীগ দেশে বিভক্তির রাজনীতি করে’’, মিসেস জিয়া বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নির্দলীয় সরকার ব্যবস্থার দাবিতে সোমবার বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলীয় জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ৫ই অক্টোবর পর্যন্ত নতুন কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

এই কর্মসূচী অনুযায়ী দেশে আটটি বড় শহরে সমাবেশে খালেদা জিয়া ভাষণ দেবেন। এছাড়া জোটের কেন্দ্রীয় নেতারা সারাদেশ সফর করে গণসংযোগ চালাবেন।

অর্থাৎ, সহিংসতা ছড়াতে পারে, এমন কোন কর্মসূচী বিএনপি এখন রাখেনি। বিশ্লেষকরা এই কৌশলকে ইতিবাচক বলে গণ্য করছেন।

ইংরেজি দৈনিক দ্য নিউজ টুডে পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মনে করেন , আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের শেষ মুহুর্তে বিএনপি নির্বাচন আর আন্দোলনের প্রস্তুতি, দু’টি টার্গেট নিয়েই এগুতে চাইছে।

‘’সংসদ ভেঙ্গে দেওয়ার আগমুহুর্তে না হলেও পরে গিয়ে নির্বাচনকালীণ সরকার ব্যবস্থা নিয়ে বিএনপির জন্য চাপ প্রয়োগ সহজ হবে,’’ মি: আহমেদ বলেন।

সেকারণে এ মুহুর্তে বিএনপি শক্তির অপচয় না করে শান্তিপূর্ণ কর্মসূচি নিয়েছে বলে তিনি মনে করেন।

তবে, নির্দলীয় সরকার ব্যবস্থা বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা, সেটা পরিষ্কার হতে আরও সময় প্রয়োজন বলে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন।