সীমান্ত ও বন্দী প্রত্যর্পণ নিয়ে ভারত-বাংলাদেশ বৈঠক

bd india
    • Author, অমিতাভ ভট্টশালী
    • Role, বিবিসি বাংলা, কলকাতা
  • Published

দিল্লীতে আজ থেকে শুরু হয়েছে ভারত আর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠক - যেখানে ছিটমহল ও অপদখলীয় ভূমি বিনিময়, বন্দী প্রত্যর্পণ ও সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে।

প্রথম দিনে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকরা বৈঠক করেছেন আর আগামীকাল দুই স্বরাষ্ট্র সচিবের মধ্যে বৈঠক হবে।

যুগ্ম সচিব পর্যায়ের আজকের বৈঠকে ভারতের তরফে নেতৃত্ব দিচ্ছেন উত্তরপূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যুগ্মসচিব শম্ভূ সিং৻ আগামী কালের যে সচিব পর্যায়ের বৈঠক রয়েছে তারই গ্রাউন্ড ওয়ার্ক হবে এ বৈঠকে।

ভারতের বিদেশ আর স্বরাষ্ট্র দপ্তরের সূত্রগুলো জানাচ্ছে, যেসব বিষয় এ বৈঠকগুলোয় বেশী গুরুত্ব পাবে তার মধ্যে ছিটমহল ও অপদখলীয় ভূমি বিনিময়ের জন্য যে প্রোটোকল চুক্তি হয়েছিল, সেটার বর্তমান অবস্থা কি তা রয়েছে।

ওই চুক্তিটি ভারতের পার্লামেন্টে এখনও পেশ করা যায় নি। প্রধান বিরোধীদল বি জে পি এই ভূমি বিনিময়ের বিপক্ষে। এ নিয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরী করতে ভারত কি কি প্রচেষ্টা চালাচ্ছে সেগুলোও জানানো হবে বাংলাদেশকে।

এ ছাড়া বন্দী প্রত্যর্পণ চুক্তির ইমপ্লিমেন্টেশন নিয়েও আলোচনার কথা আছে – আর ওই সূত্রেই আলফা নেতা অনুপ চেতিয়াকে ভারতের ফেরত আনা এবং বাংলাদেশের দুই সন্ত্রাসী সুব্রত বাইন ও সাজ্জাদ হোসেনকে ফেরত পাঠানোর ব্যাপারে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

তৃতীয় যে বিষয়টি গুরুত্ব পেতে পারে, সেটা হল উত্তরপূর্ব ভারতের বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এখনও বাংলাদেশে রয়েছে বলে ভারতের অভিযোগ – একটা তালিকাও দিয়েছে তারা ।

অন্যদিকে বাংলাদেশের যে কয়েকজন ওয়ান্টেড ক্রিমিনাল ভারতে আছে বলে বাংলাদেশ মনে করে, তাদের অবস্থান বা দুই সরকার কী ব্যবস্থা নিচ্ছে, সেটা নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রগুলো জানাচ্ছে।

ছিটমহল ও অপদখলীয় ভূমি বিনিময় নিয়ে ভারতের রাজনৈতিক দল ও সাধারণ মানুষের একটা অংশের যে বিরোধিতা আছে, তা দূর করতে ভারতের বিদেশ মন্ত্রক একটি পুস্তিকাও প্রকাশ করেছে।

দেশের সুরক্ষা, দিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক শান্তি বজায় রাখার জন্য সীমান্ত সমস্যা মেটানোটা যে খুবই প্রয়োজন আর সেটা এমনভাবে মীমাংসা করার দরকার যাতে ভুল বোঝাবুঝির কোনও জায়গা না থাকে - এ কথাই বলা হয়েছে বইটাতে।

কতগুলো গুরুত্বপূর্ণ নথিও তুলে দেওয়া হয়েছে তাতে ইন্দিরা-মুজিব চুক্তি যেমন আছে, তেমনই আছে ২০১১ সালে স্বাক্ষরিত প্রোটোকল চুক্তিও। বিভিন্ন সময়ে সীমান্ত সমস্যাগুলি নিয়ে মন্ত্রী আর বিদেশ সচিব পর্যায়ে যে চিঠি বিনিময় হয়েছে – সেগুলোও দেওয়া হয়েছে।