বিদ্যুৎ বিপর্যয়ে অচল অর্ধেক ভারত

ছবির উৎস, AP
ভারতের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়ার পর মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অর্ধেক দেশ বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে।
ভারতীয় কর্মকর্তারা বলছেন, দেশটির উত্তরাঞ্চলীয় এবং পূর্বাঞ্চলীয় গ্রীড পুরোপুরি অচল হয়ে পড়েছে।
এই দুটি গ্রীড থেকেই ভারতের মোট জনসংখ্যার অর্ধেকের কাছে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় এই বিপর্যয়ের ফলে রাজধানী দিল্লী, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং ঝাড়খন্ডে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ছবির উৎস, AFP
বিদ্যুৎ না থাকায় দিল্লীর মেট্রো-রেল ব্যবস্থা বন্ধ রয়েছে। পশ্চিমবঙ্গেও ট্রেন যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে সোমবারও উত্তর ভারতে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছিল।
বিদ্যুৎ গ্রীডে এই বিপর্যয়ের কারণ এখনো অস্পষ্ট। তবে ভারতের বিদ্যুৎ মন্ত্রী বলেছেন, কোন কোন রাজ্য হয়তো মাত্রাতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করছে, তার ফলেই জাতীয় বিদ্যুৎ গ্রীডের ওপর এই চাপ পড়েছে।
বিদ্যুৎ মন্ত্রী সুশীল কুমার সিন্ধে ৯০ মিনিটের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ চালু করা যাবে বলে আশ্বাস দিয়েছেন।
সোমবারের বিদ্যুৎ বিভ্রাটের পর প্রকৌশলীরা সন্ধ্যে নাগাদ উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ চালু করতে সক্ষম হন, কিন্তু মধ্যরাতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আবারও ভেঙ্গে পড়ে।
ভারতে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণে বিদ্যুৎ সংকট নতুন ঘটনা নয়, কিন্তু দেশের বিশাল অংশ জুড়ে সরবরাহ ব্যবস্থায় এ ধরণের বিপর্যয় নজিরবিহীন।








