অর্থ ধোলাই প্রস্তাবের বিরোধিতা

- Author, কাদির কল্লোল
- Role, বিবিসি বাংলা, ঢাকা
- Published
বাংলাদেশে দুর্নীতি বিরোধী আন্দোলনকারীরা প্রস্তাবিত বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ দেয়ার সরকারি প্রস্তাবের প্রবল বিরোধিতা করছেন।
তারা বলছেন, এর মাধ্যমে দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে।
তবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিনিয়োগ বাড়ানোর জন্যই এমন পদক্ষেপ তারা নিয়েছেন।
আবারও কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে নতুন বাজেটে।
এই সুযোগের ক্ষেত্রে এবার প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, করের পাশাপাশি ১০% হারে জরিমানা দিয়ে যে কোনখাতে কালোটাকা সাদা করা যাবে।
চলতি অর্থবছর এই সুযোগ ছিল শুধু পুঁজিবাজারে এবং সরকারি ট্রেজারি বন্ডে।
এ ধরনের সুযোগ দিয়ে দুর্নীতির বিস্তারকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে বলে মনে করেন হাফিজ উদ্দিন খান, যিনি দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের সদস্য।
মি. খান বলেন, অবৈধ কাজকে বৈধ করার সুযোগ দেওয়ার এই বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য নয়।
টিআইবি’র পক্ষ থেকে একথাও বলা হয়েছে, মতামত বা সমালোচনার তোয়াক্কা না করেই সরকার টাকা ধোলাইয়ের ব্যবস্থা অব্যাহত রাখছে।
তবে অর্থমন্ত্রী ভিন্ন ব্যাখ্যা তুলে ধরছেন। তাঁর যুক্তি হচ্ছে, অর্থ যাতে বিদেশে পাচার হতে না পারে এবং দেশেই সেই অর্থ বিনিয়োগ হয় -- এই বিবেচনায় তারা অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ তারা রাখছেন।
তিনি বলেছেন, ''আমাদের দেশে ৪২% থেকে শুরু করে ৮২% পর্যন্ত কালোটাকা আছে। এটার বিনিয়োগ আমরা অবশ্যই চাই।''
অবশ্য অর্থমন্ত্রী এ কথাও উল্লেখ করেন, বাংলাদেশে সবসময়ই এমন সুযোগ থাকলেও শুধু বিগত তত্বাবধায়ক সরকারের সময়ে এতে কিছুটা ভাল ফল এসেছিল।
সেই তত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ছিলেন মির্জা আজিজুল ইসলাম।
তিনি বলেন, তাদের সরকারের সময়ে একটা বিশেষ পরিস্থিতির কারণে কালোটাকা সাদা করার সুযোগে কিছুটা বিনিয়োগ হয়েছিল।
কিন্তু কখনই এতে কোন লাভ হয়নি এবং দেশের অর্থনীতিতে তেমন কোন ইতিবাচক প্রভাব ফেলে নি বলেই মি. ইসলাম উল্লেখ করেন।
তিনি বলেন, ''অনৈতিক একটা বিষয়কে বৈধ করার সুযোগ দেওয়া হলে সৎ করদাতাদের মধ্যে হতাশার সৃষ্টি করবে। সামগ্রিকভাবে দুর্নীতিকেই উৎসাহিত করা হবে।''
কালোটাকা সাদা করার সুযোগ কারা নিতে পারেন, সে ব্যাপারে শ্বেতপত্র প্রকাশেরও দাবি করেছে টিআইবি।
সংসদে বাজেট উপস্থাপনের পর অর্থমন্ত্রীর সংবাদ সম্মলনে এই শ্বেতপত্র প্রকাশের বিষয়েও প্রশ্ন উঠেছিল, কিন্তু তাতে পরিস্কার কোন বক্তব্য আসে নি।








