সোহেল তাজের পদত্যাগ প্রসঙ্গ

    • Author, কাদির কল্লোল
    • Role, বিবিসি বাংলা, ঢাকা
  • Published

বাংলাদেশে সরকারের একজন প্রতিমন্ত্রী তিন বছর আগে পদত্যাগপত্র জমা দেয়ার পরও এটি যে গৃহীত হয়নি, তার পেছনে আবেগের প্রশ্ন জড়িত বলে জানিয়েছেন আওয়ামী লীগের এক শীর্ষ নেতা।

প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পাঁচ মাস পরেই ২০০৯ সালে পদত্যাগ করেন। এর পর সম্প্রতি তিনি তার সংসদ সদস্যপদেও ইস্তফা দেন। কিন্তু তাঁর দুটি পদত্যাগপত্রের কোনটিই এ পর্যন্ত গৃহীত হয়নি।

যুক্তরাষ্ট্র প্রবাসী তানজিম আহমেদ সোহেল তাজ সম্প্রতি গণমাধ্যমে দেয়া বিভিন্ন সাক্ষাতকারে তাঁর পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন।

তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং সরকারের কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরি বলেন, তিনি যেহেতু বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এখানে একটি আবেগের প্রশ্ন আছে। এ কারণেই তার পদত্যাগপত্র গৃহীত হয়নি।

অন্যদিকে জাতীয় সংসদের স্পীকার আব্দুল হামিদ বলেছেন, তানজিম আহমেদ সোহেল তাজ সশরীরে এসে পদত্যাপত্র জমা দিলে তা গ্রহণ করা হবে।

ঠিক কি কারণে মিস্টার আহমেদ মন্ত্রিসভা এবং জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন তা তিনি স্পষ্ট করে বলেন নি। তবে তাঁর পদত্যাগ নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে নানা রকম জল্পনা ছিল। পদত্যাগের পরও তিনি নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন বলেও খবর প্রকাশিত হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরি বিবিসি বাংলাকে বলেন, এতে কোন সন্দেহ নেই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তানজীম আমহেদ সোহেল তাজের বিষয়ে অনেক বেশি ধৈর্যশীল , মানবিক এবং সংবেদনশীল। কারণ তিনি তাজউদ্দীন আহমেদের ছেলে। বঙ্গবন্ধুর সাথে তাজউদ্দিন আহমেদের যে সম্পর্ক ছিল, সে কারণে এখানে একটা আবেগ কাজ করছে। ”