আশাহত ইলিয়াস পরিবার

ইলিয়াস পরিবারের সংবাদ সম্মেলন
ছবির ক্যাপশান, ইলিয়াস পরিবারের সংবাদ সম্মেলন (ফাইল ফটো)
Published

বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এ ব্যাপারে অগ্রগতি না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন।

বুধবার রাজধানী ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সর্বোচ্চ পর্যায় থেকে আশ্বাস দেয়ার পর আমি আশ্বস্ত হয়েছিলাম। কিন্তু এতদিনেও কোনো অগ্রগতি পাচ্ছি না। সে জন্য আশাহত হয়ে যাচ্ছি।”

এক প্রশ্নের জবাবে মিসেস আলী বলেন, তাঁর স্বামীর গুম হওয়ার কারণটি অবশ্যই রাজনৈতিক।

“তাঁর সঙ্গে ব্যক্তিগত বা ব্যবসায়িক কারণে কারো দ্বন্দ্ব আছে, এটা আমার জানা নেই।”

গত ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী নিখোঁজ হন।

বিএনপি দাবি করছে, সরকারের গোয়েন্দা বাহিনীর লোকেরা তাকে তুলে নিয়ে গেছে।

তাঁর স্ত্রী এ ব্যাপারে হাইকোর্টে একটি রিট করেছেন।

গত সপ্তাহে তাহসিনা রুশদীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় ফিরিয়ে দেয়ার আশ্বাস দিয়েছিলেন।