আসামে লঞ্চ ডুবিতে ৪০ জনের মৃত্যু

ছবির উৎস, bbc
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের ধুবড়িতে বহ্মপুত্র নদে এক লঞ্চ ডুবিতে বহু লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
কিছুক্ষণ আগে পর্যন্ত স্থানীয় পুলিশের দেওয়া হিসেব মতে অন্তত ৪০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আসাম পুলিশের প্রধান জে এন চৌধুরী জানিয়েছেন, গোয়ালপাড়াগামী লঞ্চটিতে ৩৫০ জন ছিলেন, যাঁদের মধ্যে ৪০ জন মারা গিয়েছেন বলে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি জানতে পেরেছেন৻
১৫০ জনের মত যাত্রী প্রাণে বেঁচে গেছেন বলে জানা গিয়েছে। এদের হয় উদ্ধার করা গিয়েছে বা তারা সাঁতরে পাড়ে উঠেছেন বলে জানা যাচ্ছে৻
১৬০ জনের মত যাত্রী এখনও নিখোঁজ রয়েছে বলে পুলিশ ধারণা করছে।
লঞ্চটি আসামের ধু্বড়ী থেকে গোয়ালপাড়া যাচ্ছিল৻
ধু্বড়ী ঘাট থেকে ৩৫ কিলোমিটার উজানে দুর্ঘটনাটি ঘটে৻ আচমকা ঝড়ো হাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে৻
আসামের প্রধান শহর গুয়াহাটি থেকে ধুবড়ি প্রায় সাড়ে তিনশ' কিলোমিটার পশ্চিমে।
আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগই বার্তা সংস্থা এ এফ পি.কে বলেছেন সেনাবহিনী, সীমান্তরক্ষী বাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে ও রাত হয়ে যাওয়ায় উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।








