সীমান্তে দক্ষিণ কোরিয়ার নৌ মহড়া

ঊত্তর কোরিয়ার হুমকি সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া
ছবির ক্যাপশান, ঊত্তর কোরিয়ার হুমকি সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া
Published

উত্তর কোরিয়ার হুশিয়ারি সত্ত্বেও দক্ষিণ কোরিয়া তার বিরোধপূর্ণ জলসীমার কাছে সামরিক মহড়া চালিয়েছে৻

এই মহড়াকে কেন্দ্র করে দুটো দেশের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৻

প্রায় দু‘ঘন্টার এই মহড়ায় কামান, মর্টার এবং হেলিকপ্টার ব্যবহার করা হয়৻

উত্তর আর দক্ষিণ কোরিয়ার মধ্যে বিরোধপূর্ণ জলসীমার কাছে যখনই এই দুটো দেশের কোন একটি পক্ষ মহড়া চালায় অথবা সামরিক মহড়ার কথা ঘোষণা করে তখনই এ ধরনের উত্তেজনা তৈরি হয়৻

এ দুটো দেশের মধ্যে কার্যত যুদ্ধাবস্থা বিরাজ করছে৻ কোরীয় যুদ্ধের পর কোনো পক্ষই এখনও কোনো ধরনের শান্তিচুক্তিতে স্বাক্ষর করেনি৻

এবার একটা বিরল ঘটনা আছে৻ দক্ষিণ কোরিয়া যখন এই মহড়া চালানোর কথা ঘোষণা করে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে তখন দক্ষিণ কোরিয়ার নাগরকিদের সতর্ক করে দেওয়া হয়েছিলো৻

উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয় যেখানে সামরিক মহড়া চালানো হবে তার আশেপাশের জায়গায় দক্ষিণ কোরিয়ার যেসব নাগরিক বসবাস করেন তারা যেনো নিরাপদ আশ্রয়ে চলে যান৻

এ ধরনের সামরিক মহড়ার বিষয়ে উত্তর কোরিয়া এর আগেও দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিয়েছে কিন্তু আরেকটি দেশের জনগণকে নিরাপত্তার জন্যে কোথাও আশ্রয় নিতে হবে সেরকম কখনো বলেনি৻

প্রায় দু‘ঘন্টা ধরে এই মহড়া পরিচালিত হয়েছে৻

এমন একটা দ্বীপের কাছে এই মহড়া চলে যেখানে বছর দুয়েকর আগে উত্তর কোরিয়া গোলাবর্ষণ করেছিলো এবং এতে দক্ষিণ কোরিয়ার চারজন নাগরিক নিহত হয়েছিলো৻

কোরীয় যুদ্ধের পর এটাই ছিলো উত্তর কোরিয়ার প্রথম কোনো আক্রমণ৻ তারপর ২০১০ সালে উত্তর কোরিয়ার আরো একটি হামলায় দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে গিয়েছিলো যাতে প্রাণ হারিয়েছিলো ৪৬ জন৻

সবশেষ এই মহড়ায় কামান, মর্টার এবং সাঁজোয়া হেলিকপ্টার ব্যবহৃত হয়৻ মহড়া শুরু হওয়ার আগে দক্ষিণ কোরিয়ার হাজার হাজার মানুষকে আশেপাশের জায়গা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়৻

উত্তর কোরিয়ার হুমকি সত্ত্বেও এই মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং সউল থেকে বিবিসির সংবাদদাতারা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই মহড়া শেষ হয়েছে৻

উত্তর কোরিয়া বলছে, অত্যন্ত সুপরিকল্পিতভাবে সামরিক উস্কানি দেওয়ার লক্ষ্যে এই নৌ মহড়া পরিচালিত হয়েছে৻

দক্ষিণ কোরিয়াকে হুশিয়ার করে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছিলো যাতে এই মহড়া চালানো না হয়৻ বলা হয়েছিলো, দক্ষিণ কোরিয়া যদি জলসীমা লংঘন করে এই মহড়া চালায় তাহলে উত্তর কোরিয়া তার প্রতিশোধ পর্যন্ত নিতে পারে৻

মহড়া শুরুর আগে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন, রুটিন কার্যক্রমের অংশ হিসেবেই তাদের এই মহড়া৻

সামরিক বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, পীত সাগরে তাদের যেসব যুদ্ধজাহাজ আছে সেগুলোতে সমরাস্ত্রগুলো ঠিক আছে কীনা তা পরীক্ষা করে দেখতে এবং তাদের এই বাহিনীকে প্রস্তুত রাখতেই এই মহড়া চালানো হয়৻