হত্যাকান্ডের মোটিভ খুঁজছে পুলিশ

ছবির উৎস, unk
বাংলাদেশে সাংবাদিক দম্পতি মেহেরুন রুনি এবং সাগর সরওয়ারের নৃশংস হত্যাকান্ডের তিনদিন পরও হত্যাকান্ডের সম্ভাব্য মোটিভ বা উদ্দেশ্য হাতড়ে বেড়াচ্ছে পুলিশ৻
তদন্তের সাথে জড়িত একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তারা একইসাথে নানা সম্ভাবনা খতিয়ে দেখছেন৻ এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি৻
ওদিকে ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করার বক্তব্য দিয়ে সমালোচিত হওযার পর, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আজ কোন ধরণের গুজবে কান না দিয়ে সবাইকে অপেক্ষা করতে বলেছেন৻
তিনি বলেন, তদন্তের অগ্রগতির ব্যাপারে যে কোন সময় একটি সুসংবাদ পাওয়া যাবে৻
এ ঘটনার তদন্তকারী একজন কর্মকর্তা তেজগাঁও এলাকার উপ-পুলিশ কমিশনার ইমাম হাসান জানান, তদন্তে তেন কোন উল্লেখযোগ্য অগ্রগতি হয় নি তবে বেশ কিছু বিষয় তারা খতিয়ে দেখছেন৻
মি হাসান বলেন, নিহত সাংবাদিকদের পেশাগত বিষয় আমরা খতিয়ে দেখছি - যেমন তাদের কাজে কোন ব্যক্তি বা গোষ্ঠী বিক্ষুব্ধ হয়েছেন কিনা, বা তাদের মৃত্যুতে কেউ লাভবান হয়েছেন কিনা।
তিনি জানান যে কাউকে এখনো গ্রেফতার করা হয়নি, তবে কয়েকজনকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন।
কাউকে কাউকে তদন্তের স্বার্থে ডেকে নিয়ে কথাবার্তাও বলা হচ্ছে বলে তিনি জানান।
ইমাম হাসান আরো বলেন যে নিহতদের ময়না তদন্তের রিপোর্ট তাদের কাছে পৌঁছেছে।
ময়নাতদন্তকারী ডাক্তার ঢাকা মেডিক্যাল কলেজের সোহেল মাহমুদ জানিয়েছেন, নিহত দুজনের দেহেই ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে।
মি. মাহমুদ বলেন, ধারালো অস্ত্রের আঘাতজনিত ব্যাপক রক্তক্ষরণেই মেহেরুন রুনি এবং সাগর সারওয়ারের মৃত্যু হয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, খুন হওয়া সাংবাদিক দম্পতির শিশু পুত্রের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে নিউইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস এ ঘটনার নিন্দা করে দোষীদের বিচার ও শাস্তি দাবী করেছে।








