সৈন্যরা দামেস্কের শহরতলিগুলোয়

ছবির উৎস, Reuters
সিরিয়ায় সরকারি সৈন্যরা রাজধানী দামেস্কের শহরতলি থেকে বিদ্রোহী যোদ্ধাদের হটিয়ে দিতে সমর্থ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে৻
দুদিনের লড়াইয়ে প্রচুর মানুষের নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে৻
কোন কোন সূত্রে মৃতের সংখ্যা ৬০ ছাড়িয়ে যাওয়ার কথা বলা হচ্ছে৻
ওদিকে সিরিয়ায় এই সহিংসতা এবং প্রাণহানি বন্ধের পন্থা নিয়ে আন্তর্জাতিক ঐকমত্যের জন্য নিরাপত্তা পরিষদে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে৻
সাক্বা, ঘুতা, কফর বাতনা, আরবীনসহ দামেস্কের অন্যান্য যেসব শহরতলি বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধারা নিয়ন্ত্রণ করছিল সেসব জায়গায় সেনাবাহিনী হামলা চালিয়ে যাচ্ছে৻
বৈরুত থেকে বিবিসির সংবাদদাতা জিম মিউর জানাচ্ছেন, মনে হচ্ছে শহরতলিগুলোতে সরকারের সৈন্যরা ঢুকেছে৻
তিনি বলছেন সেনাবাহিনী থেকে দলত্যাগী সৈন্যদের নিয়ে গঠিত ফ্রি সিরিয়ান আর্মির সদস্যরা মনে হয় উধাও হয়ে গেছে৻
বিরোধীরা বলছে তারা ঐ এলাকাগুলোতেই রয়েছে তবে কৌশলগত কারণে সরে আছে৻
রাশিয়ার দ্বিমত
জিম মিউর বলছেন সর্বশেষ সহিংসতা দেখে বোঝা যাচ্ছে সংঘর্ষ ক্রমশ: রাজধানীর কাছাকাছি এগুচ্ছে৻ তিনি অবশ্য বলছেন হোমস, হামা, ইদলিব, দারা এবং অন্যত্র বেশি সৈন্য মোতায়েন করেও সহিংসতা বন্ধ করা সম্ভব হয়নি৻
পরিস্থিতির ওপর নজর রাখার জন্য আরব লীগের পর্যবেক্ষক দল পাঠানো হয়েছিল৻ কিন্তু শনিবার থেকে তাদের কার্যক্রম মুলতবি রাখা হয়েছে৻
সিরিয়ায় সহিংসতা বেড়ে যাওয়ায় এবং পর্যবেক্ষণ মিশনের কাজ মুলতবি রাখায় মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের ওপর এখন সবার নজর আরও বেশি পড়বে৻
আরব এবং ইউরোপীয় দেশগুলোর তৈরি করা যে খসড়া প্রস্তাব নিয়ে এই বৈঠকে আলোচনা হবে তাতে বিরোধীদের নিয়ে যাতে ঐকমত্যের একটি সরকার গঠন করা যায় সেজন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদকে তার ভাইস- প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বলা হয়েছে৻
তবে বাশার আল আসাদের এক মিত্র রাশিয়া বলেছে, এই প্রস্তাবে বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করে না দেয়ায় তারা এর প্রতি সমর্থন জানাবে না৻
সিরিয়ায় রাশিয়ার এক নৌঘাঁটি রয়েছে৻
বিবিসির প্রতিরক্ষা এবং কূটনীতি বিষয়ক সংবাদদাতা জোনাথান মারকাস বলছেন, কৌশলগত কারণ ছাড়াও কূটনৈতিক এবং রাজনৈতিক কারণেও রাশিয়া সিরিয়াকে সমর্থন দিচ্ছে৻








