উইকিপিডিয়ায় প্রতিবাদ: ইংরেজি সাইট বন্ধ
পৃথিবীজুড়ে অনলাইনে জনপ্রিয় তথ্যভাণ্ডার বা বিশ্বকোষ ‘উইকিপিডিয়া’ চব্বিশ ঘণ্টার জন্য তাদের ইংরেজি অংশটি বন্ধ রেখেছে।

ছবির উৎস, BBC World Service
ইন্টারনেটে পাইরেসি বন্ধ করার লক্ষ্যে মার্কিন কংগ্রেসের প্রস্তাবিত একটি আইনের প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিয়েছে।
প্রস্তাবিত এই আইনটির সমর্থন করছে বিভিন্ন প্রকাশনা সংস্থা এবং বিনোদন কোম্পানিগুলো। তবে উইকিপিডিয়ার পরিচালনাকারী কর্তৃপক্ষ বলছে এই আইন পাশ হলে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সব ওয়েবসাইট বিধিনিষেধের মধ্যে পড়বে।
যারা অতি দ্রুত যে কোন বিষয়ে তথ্য পেতে চান তাদের জন্য ইন্টারনেটে মাধ্যমে উইকিপিডিয়া থেকে তথ্য নেয়া একটি নির্ভরযোগ্য মাধ্যম।
শিক্ষক – শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিক এবং অন্য কোন পেশার মানুষের জন্য প্রাথমিক তথ্যের জন্য ইন্টারনেটে উইকিপিডিয়া একটি জনপ্রিয় মাধ্যম।
এখন ইন্টারনেটে ‘উইকিপিডিয়ার’ ইংরেজি অংশ খুললেই একটি কালো পর্দা আসবে যেখানে লেখা আছে – মুক্ত জ্ঞান ছাড়া একটি বিশ্ব কল্পনা করুন।
তবে কপিরাইট এলায়েন্সের নির্বাহী পরিচালক স্যান্ড্রা এসটার্স বলেছেন উইকিপিডিয়া দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করেছে।
মিস স্যান্ড্রাস বলেন প্রস্তাবিত আইনের ভাষার দিকে দৃষ্টি দিলে দেখা যাবে এখানে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে , এটি শুধু বিদেশী ওয়েবসাইটগুলোর জন্য প্রযোজ্য হবে যারা মেধাস্বত্ত্ব লঙ্ঘন করে জাল-জালিয়াতির মাধ্যমে বাণিজ্যিক উদ্দেশ্যে তাদের ওয়েবসাইট পরিচালনা করছে।
সেজন্য উইকিপিডিয়া কিংবা অন্য আরও অনেক ওয়েবসাইটের এই ধরনের প্রতিবাদের কোন কারণ নেই। কারণ প্রস্তাবিত আইনের সংজ্ঞায় তারা পড়েনা বলে উল্লেখ করেন স্যান্ড্রাস।
এদিকে উইকিপিডিয়ার এই প্রতিবাদের প্রেক্ষাপটে মার্কিন কংগ্রেসের দুইজন সদস্য প্রস্তাবিত আইনটি থেকে তার সমর্থন প্রত্যাহার করেছেন।
সেনেটর মার্কো রুবিও বলেন অনলাইন পাইরেসি বন্ধ করার লক্ষ্যে প্রস্তাবিত এই আইনটিকে তিন আর সমর্থন করবেন না।
মি: রুবিও এই আইন প্রণয়নের একজন সমর্থক ছিলেন এবং বিলটি কংগ্রেসে আনার ক্ষেত্রে অন্যতম উদ্যোক্তা।
প্রস্তাবিত এই আইনটির বিপক্ষে নিউইয়র্কে প্রায় হাজার খানেক মানুষ দুইজন সেনেটরের অফিসের সামনে বিক্ষোভ করেছে।
বিক্ষোভকারীদের একজন ইয়ান বাসিন বলছিলেন আমেরিকা যখন চীন এবং ইরানকে ওয়েবসাইট বন্ধ না করার জন্য বলছে , তখন এ ধরনের আইন প্রণয়ন করে আমেরিকার খারাপ উদাহরণ তৈরি করা উচিত হবে না।
তবে প্রস্তাবিত এই আইনটিকে স্বাগত জানিয়েছে প্রকাশক এবং বিনোদন কোম্পানিগুলো।
আমেরিকার মোশন পিকচার্স এসোসিয়েশনের মাইকেল ও’লেরি বলেন , যেসব ওয়েবসাইট অপরাধমূলক কাজ করে , যারা আমেরিকার কর্মীদের কাজ চুরি করে ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ব্যবসা করে এই আইনটি তাদের জন্য। উইকিপিডিয়ার মতো ওয়েবসাইটের এতে উদ্বিগ্ন হবার মতো কিছু নেই।
তবে প্রস্তাবিত আইনটির বিপক্ষে অনেকেই বলছেন যেই আমেরিকা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পৃথিবীর পথপ্রদর্শক , সেখানে এই ধরনের আইন হলে এটি দুর্ভাগ্যজনক হবে।








