বাংলাদেশে পোলিওর বিরুদ্ধে অভিযান

- Author, মীর সাব্বির
- Role, বিবিসি বাংলা
- Published
বাংলাদেশে আজ জাতীয় টিকা দিবসে ২ কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা এবং ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলছেন, বাংলাদেশে গত ৫ বছরে কোন পোলিও রোগী পাওয়া যায়নি।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী পার্শ্ববর্তী দেশগুলো পোলিওমুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করা হবে না।
‘বাংলাদেশকে পোলিওমুক্ত রাখুন’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল থেকেই শুরু হয় ২০ তম জাতীয় টিকা দিবসের প্রথম ধাপ।
৬ মাস থেকে শুরু করে পাঁচ বছর বয়সী শিশুদের পোলিও টিকার পাশাপাশি একটি করে ভিটামিন এ ক্যাপসুলও খাওয়ানো হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী ড. আ ফ ম রুহুল হক বলছিলেন, বাংলাদেশে গত পাঁচ বছরে কোন পোলিও রোগী পাওয়া না গেলেও পাশ্ববর্তী দেশগুলোতে এখনো পোলিও সংক্রমন থাকার কারণে বাংলাদেশকে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা করা যাচ্ছে না।
মি. হক বলেন, “যতদিন পর্যন্ত আশেপাশের দেশগুলো পোলিওমুক্ত না হচ্ছে, ততদিন আমাদেরকে পোলিওমুক্ত ঘোষণা করা হবে না এবং আমাদেরকেও টিকাদান কার্যক্রম চালিয়ে যেতে হবে।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, নেপাল, বার্মা এবং ইন্দোনেশিয়াসহ ১১ টি দেশ। ২০০৬ সালে সর্বশেষ বাংলাদেশে বেশ কয়েকজন পোলিও রোগী সনাক্ত করা হয়।
বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে গত বছর শুধুমাত্র ভারতের পশ্চিমবঙ্গে একজন পোলিও রোগী সনাক্ত করা হয়।
বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন কর্মকর্তা ড. তাজুল ইসলাম বারি বলছিলেন, আগামী তিন বছরে যদি পুরো অঞ্চলে পোলিও রোগী পাওয়া না যায়, তবে এ পুরো অঞ্চলটিকেই পোলিওমুক্ত ঘোষণা করা হবে।
বাংলাদেশে বর্তমানে পোলিওসহ ৬ টি মারাত্মক রোগের টিকাদান করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলছেন, আগামী বছর থেকে তারা নিউমোনিয়া এবং ডায়েরিয়ার টিকা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
জাতীয় টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ হবে আগামী ১১ই ফেব্রুয়ারী। সেদিন দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুকে কৃমিনাশক ট্যাবলেটও খাওয়ানো হবে।








