বিষ মদে মৃতের মিছিল

এক নিহতের স্বজনদের বিলাপ
ছবির ক্যাপশান, এক নিহতের স্বজনদের বিলাপ
    • Author, অমিতাভ ভট্টশালী
    • Role, বিবিসি বাংলা, কলকাতা
  • Published

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিন চব্বিশ পরগনা জেলায় বিষাক্ত মদ পান করে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৯জন৻

প্রশাসন বলছে এখনও বহু মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন, যাঁদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক৻

অন্যদিকে ওই ঘটনায় যুক্ত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে৻ তবে চোলাই মদ চক্রের চাঁইদের কাউকে এখনও ধরা যায় নি৻

পুলিশের সিআইডি বিভাগকে দিয়ে গোটা ঘটনার তদন্ত করানোর নির্দেশ দিয়েছে সরকার৻

এই ঘটনার শিকার মৃতের সংখ্যা বৃহস্পতিবার সারাদিন হু হু করে বেড়েছে৻ একই সঙ্গে বেড়েছে অসুস্থ হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যাও৻

অসুস্থ হয়ে বহু মানুষ এখনও হাসপাতালগুলিতে ভর্তি হচ্ছেন৻

পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় অনেককে মাটিতে শুইয়ে রেখেই চিকিৎসা করতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ৻

গুরুতর অসুস্থদের কলকাতায় নিয়ে আসা হচ্ছে৻ এলাকায় চিকিৎসকদের দল পাঠিয়েছে সরকার৻

চিকিৎসকেরা বলছেন, বিষাক্ত মদ পেটে গেলে স্নায়ুতন্ত্রের ব্যাপক ক্ষতি হয়৻

দক্ষিন চব্বিশ পরগনায় নিয়মিত যাতায়াত করেন এমন একজন ডাক্তার বিজ্ঞান বেরা বলছেন, “মদ তখনই বিষাক্ত হয়ে যায়, যখন তাতে মিথাইল এলকোহলের পরিমাণ খুব বেড়ে যায়৻ ওটা খেলে পেট ব্যথা, বমি, খিঁচুনি শুরু হয়৻ চোখের ক্ষতি হয়৻''

''আর মারা যাওয়ার সম্ভাবনা নির্ভর করে কতটা বিষ মদ পেটে গেছে আর কত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হয়েছে তার ওপর৻ বেঁচে গেলেও প্রতিবন্ধী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে৻”

আবগারি দপ্তর বলছে, ওই এলাকার বে আইনী মদের দোকান ও কারখানাগুলিতে বৃহস্পতিবার সকাল থেকেই পুলিশ বাহিনী তল্লাশী চালিয়েছে আর অনেক বেআইনি মদের দোকান বন্ধ করে দিয়েছে৻

illegal_liquor
ছবির ক্যাপশান, বিষাক্ত মদ পান পুরো ভারত জুড়েই সমস্যা

পুলিশের ধারণা বারুইপুরের কাছে গোচরন এলাকার চোলাই মদের ভাটি থেকেই ওই বিষ মদ ছড়িয়েছিল৻

তবে চোলাই মদের ভাটি মালিকদের একাংশ মনে করছেন, অতিরিক্ত লাভের নেশায় সংগ্রামপুর – যেখানে সব থেকে বেশী মানুষ মারা গেছেন – সেখানকার এক চোলাই মদের কারবারীই মাত্রাতিরিক্ত কীটনাশক মিশিয়েছিলেন৻

অন্যদিকে বিষাক্ত মদে মৃত্যুর ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনীতি৻ ক্ষমতাসীন তৃণমূল আর বিরোধী দলীয় বামফ্রন্ট একে অপরকে দুষছে চোলাই মদের কারবারীদের আশ্রয় দেওয়ার প্রশ্নে৻

সংগ্রামপুরে শোক মিছিল করতে গেলে তাঁদের কর্মীদের বৃহস্পতিবার মারধর করা হয় বলে অভিযোগ করেছেন বাম নেতারা৻