যৌথ সমীক্ষার প্রস্তাব করছে সরকার

ছবির উৎস, focus bangla
- Author, আকবর হোসেন
- Role, বিবিসি বাংলা, ঢাকা
- Published
ভারতের মণিপুর রাজ্যে বরাক নদীর উপর প্রস্তাবিত টিপাইমুখ প্রকল্পের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি যৌথ সমীক্ষার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি।
তিনি বলেছেন এই বাঁধ নির্মাণ থেকে বাংলাদেশের কোন ক্ষতি হবে না বলে ভারত যে আশ্বাস দিয়েছে তাতে বাংলাদেশ আশ্বস্ত।
তবে তিনি বলেছেন টিপাইমুখ প্রকল্পের প্রভাব বাংলাদেশে কতটা পড়বে সেটি যৌথ সমীক্ষার আগে বলা সম্ভব নয় বলে আর তাই একটা যৌথ সমীক্ষার প্রয়োজনীয়তার কথা ভারতের কাছে তুলে ধরা হয়েছে বলে বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
বিতর্কিত টিপাইমুখ বাঁধে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভারতে সম্প্রতি একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়েছে।
বিষয়টি নিয়ে বাংলাদেশের গণমাধ্যম এবং প্রধান বিরোধী দল যখন ভারতের কড়া সমালোচনা করছে সেই প্রেক্ষাপটে গতকাল সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর পররাষ্ট্রমন্ত্রী আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে এই বক্তব্য তুলে ধরলেন।
টিপাইমুখ প্রকল্প নিয়ে ভারত অগ্রসর হলেও বাংলাদেশ সেটিতে জোরালো কোন প্রতিবাদ বা উদ্বেগ জানায়নি বলে অনেকেই সমালোচনা করছেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন যে প্রস্তাবিত টিপাইমুখ প্রকল্প নিয়ে বাংলাদেশ তার উদ্বেগ জানিয়েছে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে যে আশ্বস্ত করেছেন সেটিতে বাংলাদেশ সরকার আস্থা রাখছে ।
ভারতে প্রস্তাবিত টিপাইমুখ নিয়ে সেদেশের সরকার এগিয়ে গেলেও বাংলাদেশ যথাসময়ে সে তথ্য পায়নি বলে যে অভিযোগ উঠেছে সেটিকে খারিজ করে দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি।
'' প্রস্তাবিত এই প্রকল্প নিয়ে ভারতের সাথে তথ্য আদান প্রদান চলছে এবং বাংলাদেশ একটি যৌথ সমীক্ষা প্রস্তাব করছে। টিপাইমুখ প্রকল্প হলে বাংলাদেশ কতটুকু ক্ষতিগ্রস্ত হবে কিংবা আদৌ কোন ক্ষতি বাংলাদেশের হবে কীনা সেটি যৌথ সমীক্ষার পর বোঝা যাবে,'' দীপু মনি বলেন।
বাংলাদেশ যৌথ সমীক্ষার কথা বললেও ভারত প্রস্তাবিত প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে বাংলাদেশে অনেকেই সমালোচনা করছেন।
প্রধান বিরোধী দল ছাড়া অনেক বিশ্লেষক এবং নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ভারতের স্বার্থকে প্রাধান্য দিলেও ভারত বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিচ্ছে না ।
এ ক্ষেত্রে তিস্তা চুক্তি না হওয়ার পর টিপাইমুখ প্রকল্পের খবরে গণমাধ্যমের সামনে সামলোচনা আরও জোরদার হয় ।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, টিপাইমুখ প্রকল্প নিয়ে সমালোচনার জন্য বাংলাদেশ থেকে বিশেষ দূত পাঠানোর বিষয়ে প্রধানমন্ত্র্রী শেখ হাসিনা সংসদে ঘোষণা দিয়েছেন।
কিন্তু কাকে পাঠানো হবে কিংবা কবে পাঠানো হবে সেটি এখনও নির্ধারিত হয়নি বলে পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে জানিয়েছেন ।








