মালদ্বীপে হাসিনা-মনমোহন বৈঠক

hasina + manmohan
ছবির ক্যাপশান, মনমোহন সিং ও শেখ হাসিনা (ফাইল চিত্র)
Published

মালদ্বীপে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা জোট বা সার্ক শীর্ষ সম্মেলনের অবকাশে নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীরা৻

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে৻

ওই বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের জানান, দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনায় তিস্তা নদীর জলবন্টন নিয়ে প্রস্তাবিত চুক্তির ব্যাপারে কথাবার্তা হয়েছে৻

এছাড়া ট্রানজিট বা ট্রানশিপমেন্টের মতো গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ও তাঁদের মধ্যেকার আলোচনায় উঠে এসেছে বলে জানা গেছে৻

তবে আলোচনায় ঠিক কী কথাবার্তা হয়েছে বা কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে কি না, তার বিস্তারিত এখনও কিছু জানা যায়নি৻

মালদ্বীপে আজ বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে সার্কভুক্ত দেশগুলির সরকার বা রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলন, সেই মূল সম্মেলন শুরু হওয়ার আগেই স্থানীয় সময় দুপুর পৌনে বারোটা নাগাদ দুই প্রধানমন্ত্রী নিজেদের মধ্যে বৈঠকে বসেন৻

এর আগে গত সেপ্টেম্বর মাসের ৬ তারিখে ঢাকায় এক দ্বিপাক্ষিক সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, সেই সফরের পর এই প্রথম তিনি আবারও একবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসলেন৻

দুমাস আগে মনমোহন সিংয়ের সেই বাংলাদেশ সফরের সময় তিস্তা নদীর জল ভাগাভাগি নিয়ে কোনও চুক্তি হতে পারেনি, কারণ শেষ মুহুর্তে ওই চুক্তি নিয়ে আপত্তি তুলেছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার৻

তবে এর পরও দিল্লি ও ঢাকা – উভয়েই এটা স্পষ্ট করে দিয়েছে তিস্তার জলবন্টন নিয়ে তারা চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী এবং এ ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত থাকবে৻

গতকালও মালদ্বীপে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, তাঁরা যত দ্রুত সম্ভব তিস্তা নিয়ে ভারতের সঙ্গে চুক্তি করতে ইচ্ছুক এবং বাংলাদেশ মনে করে ভারতও এ ব্যাপারে খুবই আগ্রহী৻

সেই চুক্তি করার ব্যাপারে ঠিক কতদূর অগ্রগতি হয়েছে, সেটা সার্ক সম্মেলনের অবকাশে ভারতের কাছে বাংলাদেশ জানতে চাইবে বলেও দীপু মনি সেখানে মন্তব্য করেন৻

ফলে ধারণা করা হচ্ছে, মনমোহন সিংহ ও শেখ হাসিনার এদিনের বৈঠকেও তিস্তা নদীর জলবন্টন নিয়ে চুক্তির প্রসঙ্গই প্রাধান্য পেয়েছে৻