সালিশের পর আত্মহত্যা

ছবির উৎস, bd gov
- Author, ওয়ালিউর রহমান মিরাজ
- Role, বিবিসি বাংলা, ঢাকা
- Published
বাংলাদেশের মধ্যাঞ্চলীয় মাদারীপুর জেলায় এক গ্রাম্য সালিশের মাধ্যমে এক তরুনীকে শাস্তি দেওয়ার পর সে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, মেয়েটির মা এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছেন।
উত্তর-পূর্বাঞ্চলীয় হবিগঞ্জ জেলায় সালিশের মাধ্যমে একজন গৃহবধুকে শাস্তি দেওয়ার পর তিনি দুই সন্তান সহ আত্মহত্যা করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটল।
মাদারীপুর জেলার সদর থানার এওজ গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ বলছে, ১৮ বছর বয়সী শিরীনা আখতারের একটি ছাগল তাঁর পাশের বাড়িতে যাওয়ার পর ঐ বাড়ির মালিক ছাগলটিকে মারে।
এরপর তরুনীটি প্রতিবাদ করলে ঐ ব্যক্তি তাকে লাঠি দিয়ে আঘাত করে।
তরুনীটি তখন তাঁর হাতের মোবাইল ফোন সেট ঐ ব্যক্তির দিকে ছুঁড়ে মারে বলে পুলিশ জানায়।
‘দোষী সাব্যস্ত‘
সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, গত মঙ্গলবারে ঘটনা ঘটার পর এক গ্রাম্য সালিশ ডাকা হয়।
তিনি বলেন, শুক্রবার মোহসিন আকন্দ নামে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক একজন সদস্যের বাড়িতে অনুষ্ঠিত সালিশে মেয়েটিকে দোষী সাব্যস্ত করা হয়।
তিনি জানান, এরপর মেয়েটিকে মাফ চাইতে হয় এবং এই ঘটনায় মেয়েটির মনে ক্ষোভ তৈরী হয়। মেয়েটি কান্না-কাটি করে এবং পরে বাড়ীতে এসে সে আত্মহত্যা করে।
গত ১৫ই অগাস্ট হবিগঞ্জ জেলায় এক গৃহবধু তাঁর চার সন্তান নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপিয়ে পড়েন।
ঐ ঘটনায় তিনি দুই সন্তানসহ মারা যান।
পরে গণমাধ্যমের খবরে বলা হয়, গ্রাম্য সালিশে তাকে সমাজচ্যুত করার পর তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
আর গতমাসে রংপুরে সালিশের মাধ্যমে দু’জন গৃহবধুকে শাস্তি দেওয়ার পর হাইকোর্ট বলেছিল, সালিশ-ব্যবসা বন্ধ করতে হবে।
স্বাক্ষ্য-প্রমাণ
মাদারীপুরে সর্বশেষ আত্মহত্যার ঘটনার পর থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, পারিপার্শ্বিক স্বাক্ষ্য-প্রমাণে পাওয়া গেছে যে শিরীনা আখতারের আত্মহত্যাও কোন সাধারণ ঘটনা ছিল না।
তিনি বলেন, মেয়েটি মান-অপমান সইতে পারেনি। সে বিচার চেয়েছিল, করুণা চায়নি।
“কিন্তু বিচার না পেয়ে আক্ষেপে সে আত্মহত্যা করেছে বলে পারিপার্শ্বিকতা প্রমান করে।“
তিনি বলেন, আইনে বলা হয়েছে যে কোন নারী যদি অপমানজনক কোন কারণে আত্মহত্যার পথ বেছে নেয়, তবে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা করা যাবে।
পুলিশ বলছে যে সালিশে অংশগ্রহণকারীদের মধ্যে মোহসিন আকন্দকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এছাড়া, সালিশে অংশগ্রহণকারী কিংবা ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানায়।








