ঋণ সঙ্কট নিয়ে জরুরি আলোচনা

ছবির উৎস, AFP
পশ্চিমা দেশগুলোতে আগামীকাল সোমবার বাজার খোলার আগেই পরিস্থিতি শান্ত করতে ঋণ সঙ্কট নিয়ে এখন জরুরি আলোচনা চলছে৻
যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং নজিরবিহীনভাবে শীর্ষ পর্যায় থেকে একধাপ নামিয়ে দেওয়ার পর এখন মনযোগ দেওয়া হচ্ছে ইউরোপের দিকে৻ এই সঙ্কট এখন ইতালিতেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কার সৃষ্টি হয়েছে৻
ইউরোপে ১৭টি দেশ ইউরো মূদ্রা ব্যবহার করে৻ এসব দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর গভর্নররা অর্থনৈতিক সংকট নিয়ে বৈঠক করছেন৻
বিবিসির অর্থনীতি বিষয়ক সংবাদদাতা জো লাইনাম বলছেন জরুরী পদক্ষেপ নিয়ে গ্রীস, আয়ার্ল্যান্ড এবং পর্তুগালের সংকট যেভাবে মোকাবেলা করতে হয়েছিল ইটালি এবং স্পেনের ক্ষেত্রেও যাতে তা করতে না হয় সেজন্য এই দেশ দুটোর সরকারি বন্ড ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা ই.সি.বি কিনবে কী না তা নিয়ে আলোচনা হচ্ছে৻
বড় অর্থনীতি
ইউরো এলাকায় ইটালি এবং স্পেন তৃতীয় এবং চতুর্থ বড় অর্থনীতি৻
ইউরো এলাকায় যেসব দেশ সঙ্কটে পড়েছে ইটালি তার মধ্যে সর্বশেষ৻
দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি কম, অন্যদিকে ঋণ অনেক৻
আর বেকারত্বের হার বেশী, সরকারের ঋণের পরিমাণ অনেক এবং প্রবৃদ্ধি হার কম হওয়ায় স্পেনও চাপের মুখে৻
অন্যদিকে, সঙ্কট কীভাবে মেকাবেলা করা হবে তা নিয়ে ইউরো এলাকার নেতাদের দ্বিধাদ্বন্দের ফলে উদ্বেগ সৃষ্টি হয়েছে যে এই দেশ দুটোর অবস্থা গ্রীস, আয়ার্ল্যান্ড এবং পর্তুগালের মত হতে পারে৻
ই.সি.বি বিভক্ত
ইটালি এবং স্পেন দাবি করে তাদের ঋণের ওপর যে সুদ তা তারা মেটাতে পারবে৻
বিবিসির বাণিজ্য বিষয়ক সম্পাদক রবার্ট পেস্টন বলছেন ইটালির সরকারি বন্ড কেনা হবে কীনা তা নিয়ে ই.সি.বির পরিচালনা পরিষদ বিভক্ত৻
তিনি বলছেন যদি ইটালির বন্ড না কেনার সিদ্ধান্ত নেয়া হয় তবে সোমবার শেয়ার এবং বন্ডের বাজারে আবার উথালপাতাল হতে পারে৻
জো লাইনাম বলছেন ক্রেডিট রেটিং সংস্থা স্ট্যন্ডার্ড অ্যান্ড পুওরস যে তাদের রেটিংয়ে যুক্তরাষ্ট্রকে নামিয়ে দিয়েছে ই.সি.বি তা নিয়েও আলোচনা করতে পারে৻
সঙ্কট নিয়ে সবচেয়ে শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭য়ের অর্থমন্ত্রীরা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রধানরাও বৈঠক করবেন৻








