‘ইরাক আগের তুলনায় আরো বিপদজনক‘

ছবির উৎস, Reuters
ইরাকে পুনর্গঠন কাজের সঙ্গে জড়িত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সরকারি সংস্থা বলছে, দেশটি এখন এক বছর আগের তুলনায় আরো অনেক বেশি বিপদজনক৻
এই সংস্থার স্পেশাল ইন্সপেক্টর তাঁর রিপোর্টে মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে ইরাকে নিরাপত্তার প্রকৃত পরিস্থিতি আড়াল করার অভিযোগ এনেছেন৻
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মাত্র কয়েক মাস আগে প্রকাশ করা এই রিপোর্টে ইরাক বিষয়ে যুক্তরাষ্ট্রের এই শীর্ষ উপদেষ্টা জেনারেল স্টুয়ার্ট ডাব্লিউ বোয়েন জুনিয়র বলছেন যে, মার্কিন সৈন্য ও উর্ধতন ইরাকি ব্যক্তিত্বদের হত্যা ও বাগদাদে হামলার ঘটনা এতটাই বেড়েছে যা দেশটিকে গত বছরের তুলনায় আরো বেশি বিপদজনক করে তুলেছে৻
এই রিপোর্টে বলা হয়েছে ইরাক কাজ করার জায়গা হিসাবে এখনও অস্বাভাবিকরকম বিপদজনক এমনকী ১ বছর আগের তুলনায় আরো বেশি বিপদজনক৻
বলা হয়েছে গত দুবছরের মধ্যে জুন মাসটা ছিল আমেরিকান সৈন্যদের জন্য সবচেয়ে বিপদজনক সময়৻ জুনে ১৫জন সৈন্য প্রাণ হারিয়েছে এবং গত কয়েকমাসে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি ইরাকি কর্মকর্তা আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন৻
ইরাকি ও আমেরিকান বাহিনীর তৎপরতার কারণে সুন্নি বিদ্রোহীদের দিক থেকে বিপদের ঝুঁকি কমলেও শিয়া মিলিশিয়ারা আগের তুলনায় কার্যত অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে৻ আমেরিকান সৈন্যদের মৃত্যু এবং মার্কিন দূতাবাস চত্বর ও বাগদাদের সুরক্ষিত গ্রীণ জোনের রকেট হামলা বাড়ার জন্য তাদেরই দায়ী করা হচ্ছে৻
স্পেশাল ইন্সপেক্টর জেনারেল স্টুয়ার্ট ডাব্লিউ বোয়েন জুনিয়র তাঁর রিপোর্টে এটাকে অনিশ্চয়তায় ভরা গ্রীষ্মকাল বলে আখ্যা দিয়েছেন৻
এবছরের শেষের মধ্যে আমেরিকা দুপক্ষের মতৈক্য অনুসারে ইরাক থেকে তাদের বাকি ৪৭ হাজার সৈন্য প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে৻
এই রিপোর্টে প্রকাশিত তথ্য মার্কিন সেনাবাহিনীর ইতিবাচক রিপোর্টের বিপরীত৻ সেনবাহিনীর রিপোর্টে ইরাকে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খুবই ইতিবাচক মূল্যায়ন করা হয়েছে৻
২০০৬ ও ২০০৭-য়ে ইরাকে সহিংসতার যে মাত্রা ছিল তার থেকে অবস্থা যদিও স্পষ্টতই ভাল হয়েছে এবং এবছরের প্রথম ছয়মাসের হিসাব অনুযায়ী বেসামরিক প্রাণহানি কমেছে, তবে সহিংসতার ধারা বদলেছে৻ আগের মত বড়বড় বিস্ফোরণ হচ্ছে কম, কিন্তু ইরাকি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করে হত্যার ঘটনা অনেক বেড়েছে৻








