জামায়াত নেতাদের আবেদন নাকচ

- Author, ওয়ালিউর রহমান মিরাজ
- Role, বিবিসি বাংলা, ঢাকা
- Published
- পড়ার সময়: ২ মিনিট
বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর পাঁচজন নেতার পক্ষে বিদেশী আইনজীবী নিয়োগের একটি আবেদন কর্তৃপক্ষ নাকচ করে দিয়েছে৻
বাংলাদেশ বার কাউন্সিল ঐ আবেদন নাকচ করে দিয়ে বলেছে যে আইন অনুযায়ী বিদেশী কোনো আইনজীবীর বাংলাদেশের কোনো আদালতে মামলা পরিচালনা করতে পারেন না৻
জামায়াতের ঐ নেতাদের একজন আইনজীবী বলেছেন, এর ফলে অভিযুক্তদের ন্যায় বিচার পাওয়ার অধিকার ক্ষুন্ন হয়েছে৻
মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা - জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় এই নেতারা বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
এদের সবার বিরুদ্ধেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এদের মধ্যে মিঃ সাঈদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে এবং আগামী ১০ই অগাস্ট তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে।
এদের পক্ষে দাঁড়াতে তিনজন ব্রিটিশ আইনজীবী আনার জন্যে আবেদন করা হয়েছিল গত সপ্তাহে।
কিন্তু এক্ষেত্রে নির্দিষ্ট কর্তৃপক্ষ, বাংলাদেশ বার কাউন্সিল, এক বৈঠক করে সর্বসম্মতভাবে ঐ আবেদন নাকচ করে দেয়।

কাউন্সিলের চেয়ারম্যান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলছেন, সংস্থাটির আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, এই আইনে বলা হয়েছে যে বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তি কোন আদালত কিংবা ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্যে সনদ পেতে পারেন না।
তিনি বলেন, একই সাথে বলা রয়েছে যে বার কাউন্সিলের পরীক্ষায় পাশ করার পরই কেবল একজন এই সনদ পেতে পারেন।
“এই দুটো বিষয় বিবেচনা করেই আমরা বলেছি যে এই প্রার্থনা মঞ্জুর করার ক্ষমতা বার কাউন্সিলের নেই।“
মিঃ আলম জানান যে জামায়াতের সাবেক নেতা গোলাম আযমের জন্যে বিদেশী আইনজীবী আনার জন্যে একবার আবেদন করা হলেও তা ঐ সময়ের বার কাউন্সিল নাকচ করে দিয়েছিল।
স্টিভেন কে, জন ক্যামাগ ও টোবি ক্যামডেন নামেন এই তিনজন ব্রিটিশ আইনজীবীকে বাংলাদেশে আনার জন্যে আবেদন জানিয়েছিলেন জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলাম।
আবেদন নাকচ হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন যে বার কাউন্সিল বিশেষ বিবেচনায় অনুমতি দিতে পারতো।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলো বিশেষ মামলা। সে কারণে বার কাউন্সিলের এই সিদ্ধান্ত একজন মানুষের মৌলিক অধিকার, মানবাধিকারকে অস্বীকার করা সামিল হয়েছে।
তাজুল ইসলাম বলেন, বার কাউন্সিলের সিদ্ধান্তের লিখিত আদেশ হাতে পাওয়ার পর তাঁরা এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।








