কর্ণেল তাহেরের বিচারের নথি তলব

    • Author, কাদির কল্লোল
    • Role, বিবিসি বাংলা
  • Published

বাংলাদেশের হাইকোর্ট দেশটির মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্ণেল এম এ তাহেরের সামরিক আদালতে গোপন বিচারের নথি তলব করেছেন৻

সামরিক আইনের মাধ্যমে তাঁর গোপন বিচার ও ফাঁসি কার্যকরের আদেশ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন৻

Colonel Taher
ছবির ক্যাপশান, স্বাধীনতা যুদ্ধের পর কর্ণেল তাহের

সামরিক আইনের মাধ্যমে গোপন আদালতের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে কর্ণেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের, সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত কর্ণেল তাহেরের ভাই ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের (মৃত) স্ত্রী ফাতেমা ইউসুফ এবং কর্ণেল তাহেরের আরেক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডঃ আনোয়ার হোসেনের দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন৻

ঢাকা কেন্দ্রীয় কারাগারে সামরিক আদালত বসিয়ে কর্ণেল আবু তাহেরের ফাঁসি এবং ১৭জনের বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছিল ১৯৭৬ সালের ১৭ই জুলাই৻ এর কয়েকদিন পরই ২১শে জুলাই কর্ণেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়েছিল।

ঐ বিচারে কর্ণেল তাহেরের দুই ভাই ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের যাবজ্জীবন কারাদন্ড এবং ডঃ আনোয়ার হোসেনের দশ বছরের জেল হয়েছিল।

ডঃ আনোয়ার হোসেন বলেছেন, সামরিক আইনের যে ধারায় কারাগারে সামরিক আদালত বসিয়ে গোপন বিচার করা হয়েছিল, সেই ধারায় সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদন্ডের কথা ছিল। কিন্তু সেটিও না মেনে কর্ণেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘এই বিচার প্রক্রিয়া এবং ফাঁসি কার্যকর করার আদেশের বৈধতা চ্যালেঞ্জ করেই তাঁরা রিট আবেদনটি করেছেন। এছাড়াও গোপন বিচারের কাগজপত্র যেন জনসম্মুখে প্রকাশ করা হয়, সেই আবেদনও রয়েছে এই রিট মামলায়।`

রিট আবেদনটি গ্রহণ করা না করার প্রশ্নে শুনানির পর হাইকোর্ট সামরিক আদালতে ওই বিচারের নথি বা কাগজপত্র তিন সপ্তাহের মধ্যে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে। একই সাথে গোপন বিচার ও কর্ণেল তাহেরের ফাঁসি কার্যকর করার আদেশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না-সেই মর্মে হাইকোর্ট প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ও ঢাকার কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। সংশ্লিষ্টদের তিন সপ্তাহের মধ্যে ওই নোটিশের জবাব দিতে হবে।

রিট আবেদনকারীদের পক্ষের আইনজীবী ডঃ শাহ দ্বীন মালিক জানিয়েছেন সামরিক আদালতে বিচারের প্রক্রিয়াটি এমনই গোপন ছিল যে, সাজাপ্রাপ্তদের আত্মীয়-স্বজনকেও তাতে অংশ গ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এছাড়াও এখনও পর্যন্ত ওই বিচারের রায়ের কাগজপত্র তারা পাননি। ফলে যেহেতু এটি গোপন বিচার ছিল, সেকারণেই হাইকোর্ট তার কাগজপত্র তলব করেছে।

সামরিক আদালতে এই বিচার এবং ফাঁসি ও সাজা কার্যকর হওয়ার ঘটনার ৩৪ বছর পর এসে এর বৈধতা চ্যালেঞ্জ হল হাইকোর্টে৻

রিট আবেদনের পক্ষের আইনজীবী ডঃ শাহ দ্বীন মালিক বলেছেন ১৯৭৫ সালের ১৫ই অগাষ্ট থেকে ১৯৭৬ সাল পর্যন্ত সময়টাতে সামরিক শাসন এবং এর আওতায় কর্মকান্ডকে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছিল। সেই সংশোধনী আদালত বাতিল করে দিয়েছে।

এমন প্রেক্ষাপটেই সেই সময়ের ঘটনাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করার সুযোগ হয়েছে আর সেকারণেই এতদিন পরে সেই সময়ের সামরিক আদালতের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে বলে উল্লেখ করেন ডঃ শাহ দ্বীন মালিক।

তিনি আরো বলেছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্ণেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়েছিল রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের অভিযোগে সামরিক আদালতের বিচারে। কর্ণেল তাহের সহ অন্য সাজাপ্রাপ্তদের মুক্তিযোদ্ধা হিসেবে যে সম্মান পাওয়ার কথা ছিল, তা তারা পাননি। এখন তারা না থাকলেও সম্মানটুকু যেন তারা ফেরৎ পান সেইজন্যই রিট আবেদনটি করা হয়েছে।

সরকারের আইন কর্মকর্তারা জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তারা বিষয়গুলোতে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন।