ফেসবুক বন্ধে ঢাকায় ক্ষোভ, প্রতিবাদ

বাংলাদেশ সরকার ফেসবুক সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করায় সেদেশে এই সাইট ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে৻ রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এর প্রতিবাদে মানববন্ধন করেছে৻
ইন্টারনেটে সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক বাংলাদেশে আজ দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গতকাল জানায়, জাতীয় স্বার্থবিরোধী বিষয় ফেসবুকে প্রচারিত হওয়ার কারণেই এই ব্যবস্থা নেয়া হয়েছে৻
সরকারি সূত্রে বলা হয়, ফেসবুকে এমন কিছু বিষয় আছে যা বাংলাদেশের প্রগতি, ঐক্য এবং দেশ পরিচালনার বিপক্ষে - ফলে তারা বাংলাদেশ থেকে এই সাইটটিতে প্রবেশ করার সুযোগ শনিবার থেকেই বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন৻
কিন্তু ফেসবুক বন্ধ করে দেওয়ার এই সিদ্ধান্তের বিপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রবিবার দুপুরে মানববন্ধন করেন অপরাজেয় বাংলার সামনে।
সেখানে প্রতিবাদে অংশ নেওয়া একজন ছাত্র দীন ইসলাম এঞ্জেল বলছিলেন ফেসবুক বন্ধ করে দেয়াটা খুবই দু:খজনক। তিনি বলেন, যে সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলছে তাদের কাছ থেকে এই আচরণ প্রত্যাশিত নয়৻
বাংলাদেশ যে পাকিস্তান বা আফগানিস্তান নয় - বা জঙ্গীদের আস্তানা নয়, সে কথা মনে করিয়ে দিয়ে ওই ছাত্রছাত্রীরা যত দ্রুত সম্ভব ফেসবুক আবার উন্মুক্ত করে দেওয়ার জন্য সরকারকে আবেদন জানান৻
প্রতিবাদে অংশ নেওয়া আরও একজন ছাত্র বিপ্লব সরকার বলেন সরকারের এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক, কারণ এর মাধ্যমে সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে৻
তিনি আরও বলেন, যেভাবে ইসলামী ঐক্য জোটের নেতা মৌলানা ফজলুল হক আমিনী ফেসবুক বন্ধ করার দাবি তোলার দুদিনের মধ্যে তা বন্ধ করে দেওয়া হল, তাতে এই সিদ্ধান্তের মাধ্যমে মৌলবাদী শক্তির কাছেই মাথা নত করা হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর একজন ছাত্র জুয়েল বলছিলেন, বিদেশে থাকা বন্ধু-বান্ধবদের সাথে কম খরচে যোগাযোগের একটি ব্যবস্থা ছিলো ফেসবুক। বিদেশে টেলিফোনে যোগাযোগ করা অনেক ব্যয়সাপেক্ষ, ফলে ফেসবুক বন্ধ করে দেওয়ায় বন্ধুদের সঙ্গে যোগাযোগে খুবই অসুবিধা হচ্ছে৻
আর ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী কাজী তামান্নার মতে, যে সব কারণে ফেসবুক বন্ধ করে দেয়া হয়েছে সে কারণগুলো দূর হলে তাড়াতাড়ি এটি আবার চালু করে দেয়া উচিত। পাকিস্তানের মতো বাংলাদেশেও পাকাপাকিভাবে ফেসবুক বন্ধ করে দেওয়া হলে সেটা খুবই খারাপ হবে বলে তিনি মন্তব্য করেন৻
সামগ্রিকভাবে গণমাধ্যমের বিকাশে এই সিদ্ধান্ত নতুন কোনও বাধা কি না, এমন প্রশ্নও তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শামীম রেজা।
মি রেজা বিবিসি-কে বলেন, নিরাপত্তা কিংবা অপপ্রচার বন্ধের কৌশল হিসেবে সামাজিক যোগাযোগের একটি সাইট বন্ধ করে দেওয়াতে কোন লাভই হবে না। তার চেয়ে যে নির্দিষ্ট পাতাগুলো সম্পর্ক আপত্তি সেগুলো বন্ধের প্রযুক্তি সংগ্রহ করা উচিত বলেই তাঁর অভিমত৻








