বিচার ঠেকানো যাবে না: শেখ হাসিনা

- Author, কাদির কল্লোল
- Role, বিবিসি বাংলা
- Published
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রবিবার এক জনসভায় বলেছেন যে, তাঁর ভাষায়, হরতাল বা আন্দোলন করে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো যাবে না৻
রাজধানী ঢাকার কাছে টঙ্গীতে এই সমাবেশে মন্তব্য করেন, বাধা সৃষ্টি করে তাঁর সরকারের উন্নয়ন কাজ ব্যাহত করা যাবে না৻
বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া কয়েকদিন আগে ঢাকায় এক জনসভা থেকে হরতালসহ বিভিন্ন কর্মসূচি যে ঘোষনা করেছেন।
সেই প্রেক্ষাপটে এই প্রথম কোন জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী । টঙ্গীতে এই জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে ছিল, মূলত: বিরোধীদলের সমালোচনা।
বিরোধীদল বিএনপির আন্দোলনের কর্মসূচির ক্ষেত্রে মুল যে ইস্যূগুলোকে তুলে ধরা হয়েছে, তা হচ্ছে , বিদ্যুৎ, গ্যাস, পানি সংকট এবং দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়।
একইসাথে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া একটা অভিযোগ করে আসছেন য়ে, দুর্নীতি করার জন্য কোন দরপত্র ছাড়াই ভাড়ায় বিদ্যুৎ আনার চেষ্টা করা হচ্ছে।
এই ক্ষেত্রে খালেদা জিয়া সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সহযোগিতা না করার আহবান জানিয়েছিলেন।
এর জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে বিদ্যুৎ খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তোলেন।
শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় না থেকেও বিরোধীদলীয় নেত্রী সরকারি কর্মকর্তাদের ধমক দিচ্ছেন৻
এমন অবস্থান নিয়ে বিএনপি দেশে উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেছেন।
শেখ হাসিনা দাবি করেন, এখন দেশে দ্রব্যমূল্য কমেছে। এছাড়া বাধা দিয়ে সরকারের উন্নয়ন কাজ ব্যাহত করা যাবেনা।
তিনি বিরোধীদলের বিরুদ্ধে জঙ্গীদের মদদ দেওয়া সহ বিভিন্ন অভিযোগ তোলেন৻
অন্যদিকে, বিগত তত্বাবধায়ক সরকারের সাথে সর্ম্পকের বিষয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছিলেন বিরোধীদলীয় নেত্রী।
এর জবাব দিতে গিয়ে সে সময়কার পটভূমি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টা অভিযোগ করেন যে বিএনপিই মঈনউদ্দিন, ফখরুদ্দিন এবং ইয়াজউদ্দিনকে আবিস্কার করেছিল।
ভোট কারচুপি করার জন্য বিএনপিই তখন পরিস্থিতি সৃষ্টি করেছিল বলে তিনি অভিযোগ করেন ।
টঙ্গীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাষ্টারকে হত্যার ঘটনা ঘটেছিল বিগত বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে।
প্রধানমন্ত্রী আওয়ামী লীগের এই নেতার নামে টঙ্গীতে একটি ফ্লাইওভার উদ্বোধন করেন। এছাড়া ঐ জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ঐ হত্যাকান্ডের ঘটনাটির সঠিক তদন্ত এবং বিচারের আয়োজন করা হবে।








