শাকিল আনোয়ারের ডায়েরি - ৩

- Author, শাকিল আনোয়ার
- Role, বিবিসি বাংলা
- Published
যা ধারণা করেছিলাম, আবেরগাভেনি তার চেয়ে বড় এবং জমজমাট শহর৻ মার্কস্ স্পেনসার, বুটস্ থেকে শুরু করে বার্কলেস, এইচ এস বি সি সবই রয়েছে৻
তবে শহরের মাঝখানে লোহার বেড়া দেয়া গরু-ভেড়া কেনা-বেচার বাজারটি মনে করিয়ে দেয় আবেরগাভেনি এখনও মূলত গ্রামীণ ওয়েলসের অংশ৻
ওয়েলশ্ ভাষায় দক্ষিণ-পূর্ব ওয়েলসের মনমথশায়ার কাউন্টির ভেতর পাহাড়ে ঘেরা শহরটির নাম, ওয়াইভেনি, অর্থাৎ গাভেনি নদীর মুখ৻ দুদিনেও নদীটা অবশ্য চোখে দেখার সুযোগ হয়নি৻
বহু প্রাচীন শহর৻ রোমানদের একটি দূর্গ ছিল এখানে৻
ভর দুপুরে শহরের কারপার্কে বেশ কিছুটা সময় অপেক্ষার পর দেখা মিললো জনাথন টমাস ক্লার্কের সাথে৻ ওয়েলসের জাতীয়তাবাদী দল প্লাইড কামরির টিকেটে মনমথশায়ার সিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন৻
সেদিন তিনি আবেরগাভেনিতে প্রচারণা চালাচ্ছিলেন৻ সাথে মাত্র একজন দলীয় কর্মী৻ দরজায় দরজায় টোকা দিলেও অধিকাংশ দরজা খুলছে না৻ যারা খুলছেন, অধিকাংশই মুখের ওপর বলে দিচ্ছেন, ‘সরি’৻ কথা বলার সময় নেই৻
কিছুই হয়নি ভাব করে পরের দরজায় যাচ্ছিলেন জনাথন ক্লার্ক৻
‘বিরক্ত লাগে না এসব’ ? আমার প্রশ্নে হেসে বললেন, ‘ভোটারদের দোষ দেব না, রাজনীতির ওপর চরম বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন তারা’৻ রসিকতা করে বললেন, ‘ভোটারদের চেয়ে বেশী ভয় লাগে কুকুরকে৻’

প্রচারণার সময় এ পর্যন্ত দুবার কুকুরের কামড় খেয়েছেন তিনি৻ পরে খেয়াল করলাম দরজার টোকা দেয়ার পর ভেতর থেকে কুকুরের ঘেউ ঘেউ শুনলে কেমন যেন সিঁটকে যাচ্ছেন৻
ইতিহাসে এম. এ. মি. ক্লার্ক বর্তমানে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে সেলটো-রোমান স্টাডিজে পি. এইচ. ডি. করছেন৻ তাঁর দল ওয়েলশ জাতীয়তাবাদের প্রতিভূ, ওয়েলসের আঞ্চলিক সরকারের শরিক৻
অথচ এই অনাড়ম্বর নির্বাচনী প্রচারণা দেখে বার বার মনে হচ্ছিল হাজারো অভিযোগ স্বত্বেও এদেশের গণতন্ত্রে মানুষের কতটা ক্ষমতায়ন হয়েছে৻ ভারত বা বাংলাদেশের মত দেশগুলোর রাজনীতিকরা হয়ত তা কল্পনাও করতে পারবেন না৻
ভোটারদের কাছে একবারও তাঁকে বলতে শুনলাম না জাতীয়তাবাদ বা ওয়েলস্ স্বাধিকারের প্রসঙ্গ টানছেন৻ ঘুরে ফিরে অর্থনীতির কথাই বলছেন৻ আসলে মনমথশায়ার ইংল্যান্ড্যের লাগোয়া হওয়ার কারণে ওয়েলস্ জাত্যাভিমান পশ্চিমে বা উত্তরে যতটা প্রবল, এখানে ততটা নয়৻
প্লাইড কমরির নেতা হয়েও জনাথন ক্লার্ক নিজেও ওয়েলশে কথা বলতে পারেন না৻ আবেরগাভেনি শহরের রাস্তায় কয়েকজনকে জিজ্ঞেস করলাম ওয়েলশে কথা বলতে পারেন কিনা ৻
প্রশ্ন শুনে প্রথমে হাঁ করে তাকিয়ে থাকলেন৻ কেউ বললেন, না৻ কেউ বললেন অল্প অল্প বুঝতে পারেন৻ কেন?
রাস্তায় পাশে বেঞ্চে বসিয়ে রিটায়ার্ড নার্স ভেরোনা ঐতিহাসিক ব্যাখ্যা দিলেন : ‘দেখুন আমাদের পূর্ব পুরুষদের ওপর ইংরিজি চাপিয়ে দেয়া হয়েছিলো৻ ওয়েলশে কথা বলা অনেকটা অপরাধের মত ছিল৻ যারা বলতো ছোট চোখে দেখা হতো তাদের৻ এভাবে প্রায় হারিয়ে গিয়েছিলো ভাষাটা৻’
ভেরোনার কথা অনেকটাই ঠিক৻ শুধুমাত্র কিছু গীর্জা টিঁকিয়ে রেখেছিলো কেলটিক এই ভাষাটিকে৻ তবে পরিস্থিতি বদলাচ্ছে৻

গত বছর বিশেক ধরে ওয়েলসের মানুষ তাদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস নিয়ে দিন দিন আগ্রহী হয়ে উঠছে৻ বর্তমান সরকারী হিসেবে ওয়েলসে প্রায় ২০ শতাংশ মানুষ ওয়েলশে কথা বলতে পারেন বা বলেন৻
পশ্চিমে এই প্রবণতা অনেক বেশী, তবে মনমথশায়ারের মত ইংলিশ প্রভাবিত দক্ষিণেও ভাষা, সংস্কৃতির চেতনা বাড়ছে৻
আবেরগাভেনিতে ওয়েলস্ ভাষা, সংস্কৃতি চর্চার জন্য ওয়েলস্ সোসাইটি নামে একটি সংগঠন হয়েছে৻ পাশের গ্রাম লানফোয়াস্টের ভিলেজ হলে তাদের এক সভায় আমন্ত্রণ জানালেন সংগঠনের সভাপতি পিটার ম্যাডলি৻
গিয়ে দেখলাম জনা বিশেক বয়স্ক নারী পুরুষ ওয়েলশ ভাষায় কুইজ প্রতিযোগিতা করছেন, ওয়েলশ সাহিত্য নিয়ে কথা বলছেন৻ কোনো ইংরিজি নেই৻ মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না৻
কেন এ চেষ্টা তারা করছেন, আমার প্রশ্নে পিটার ম্যাডলি উত্তর দিলেন: ‘ভাষা না থাকলে জাতি থাকেনা`৻ এক মহিলা বললেন, ‘চিন্তা করুন এ ভাষায় কত সাহিত্য, বিজ্ঞান লেখা হয়েছে, ভাষা হারিয়ে গেলে এগুলোও তো হারিয়ে যাবে৻ কত বড় ক্ষতি হবে ভাবুন৻`
আবেরগাভেনিতে এখন দুটো স্কুল রয়েছে যেখানকার শিক্ষার মাধ্যম ওয়েলশ৻ একটি কিন্ডারগার্টেন আর একটি প্রথমিক স্কুল৻ যে বাবা মা নিজেরা ওয়েলশ বলতে পারেন না তারা এখন তাদের ছেলেমেয়েদের পাঠাচ্ছেন ওয়েলশ স্কুলে৻
শহরের এক প্রান্তে ইসগোল গামরাইগ ইয়েভেনী৻ ইংরিজি করলে দাঁড়ায় আবেরগাভেনির ওয়েলশ স্কুল৻ কেন বাবা-মারা তাদের বাচ্চাদের ওয়েলশ মিডিয়াম স্কুলে পাঠাচ্ছেন ?

হেডটিচার এ্যান ব্যালিস বললেন, `দেখুন অনেকে মনে করছেন ইংরিজির পাশাপাশি ওয়েলশ জানতে ভবিষ্যতে হয়ত চাকরির বাজারে সুবিধে হবে৻ তাছাড়া, এসব বাচ্চাদের বাবা মায়েদের নিজের মাতৃভাষা শেখার সুযোগ হয়নি৻ এখন সুযোগ হয়েছে, অনেকে তারা পাঠাচ্ছেন`৻
কিন্তু আবেরগাভেনির রাজনীতিতে কি এই জাতীয়তাবাদী চেতনার প্রভাব পড়ছে৻ ‘এখনও খুব ধীরে,` নিজের অফিসে বসে বললেন শহরের একমাত্র পত্রিকা আবেরগাভেনি ক্রনিকালের সম্পাদক লিজ ডেভিস৻
‘সব দলের রাজনীতিকরা এখন আগ বাড়িয়ে বলছেন তারা ওয়েলশ বলতে পারেন অথবা ওয়েলশ ভাষা সংস্কৃতির প্রতি তাদের কত শ্রদ্ধা ভক্তি আছে৻ এটা একটা পরিবর্তন`৻
কিছুটা ঠিক৻ কারণ শহরে প্রচারণার সময় দেখা হয়েছিলো লেবার পার্টির প্রার্থী হামিশ স্যানডিসের সাথে৻ জাতিতে স্কটিশ, কিন্তু ২২ বছর ধরে মনমথশায়ারে থাকেন৻ বার বার বলার চেষ্টা করছিলেন প্রাদেশিক সরকার প্রতিষ্ঠাসহ ওয়েলসের মানুষের স্বাধিকার প্রতিষ্ঠায় লেবার পার্টিই সবচেয়ে অগ্রণী৻
গত বছর প্রথমবারের মত প্লাইড কামরি আবেরগাভেনি শহর কাউন্সিলে একটি আসন জিতেছে৻ কিন্তু তারপরেও জনাথন ক্লার্ক নিজেই স্বীকার করলেন সংসদ নির্বাচনে তার কোন আশা নেই৻ তার টার্গেট গতবারের তিন শতাংশ থেকে ভোটের সংখ্যা ছয় শতাংশে নেয়া৻
লিজ ডেভিসের কথা, বিশেষ করে এই প্রজন্মের ছেলেমেয়েদের ভেতর ওয়েলশ জাতীয়তাবাদী চেতনা বেশী লক্ষ্য করা যাচ্ছে৻ তাই যদি হয় আরো দশ-বিশ বছরে মনমথশায়ারে ভোটের অংক, রাজনীতির রসায়ন বদলে গেলে অবাক হওয়ার কোনো কারণ থাকবে না৻
আবেরগাভেনী,
মনমথশায়ার, ওয়েলস








