রাঙ্গামাটিতে জনসংহতি সমিতির দুই পক্ষের গোলাগুলিতে ৩ জন নিহত

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি, বলছে পুলিশ ।
রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবির বিবিসিকে জানিয়েছেন, বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।
লোকালয় থেকে কিছুটা দূরে রাজস্থলীর এক জঙ্গলের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে।
এখনো এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন মিঃ কবির।
ঘটনার পর ঐ জঙ্গলে এবং আশেপাশের এলাকায় পুলিশ ও সেনা টহল বাড়ানো হয়।
স্থানীয়রা জানিয়েছেন, পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বিভিন্ন স্থানীয় দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের কারণে গত কয়েক মাস ধরেই এক ধরণের অস্থিরতা বিরাজ করছিল।
আরো পড়তে পারেন:
অক্টোবরের শেষ দিকে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে নিহত হন রাজস্থলীর একজন সাবেক ইউপি চেয়ারম্যান।
অগাস্টের ১৯ তারিখে রাঙ্গামাটি রাজস্থলী আর্মি ক্যাম্পের কয়েক কিলোমিটারের মধ্যে সেনাবাহিনীর নিয়মিত টহল দলের উপরে একদিনে দুই দফা হামলার ঘটনা ঘটনা ঘটে।
তাতে একজন সৈনিক নিহত হয়েছিলেন।
এরপর অগাস্টের ২৩ তারিখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর টহলকৃত গাড়ির উপর একদল লোক গুলি চালায়।
পরে সেনাবাহিনী পাল্টা গুলি করলে সেখানে একজন নিহত হয়।








