স্পেনে চাকরি গেল সেই সিরিয়ান শরণার্থীর

ছবির উৎস, Google
এক হাঙ্গেরিয়ান মহিলা ফটোসাংবাদিকের ল্যাং মেরে একজন সিরিয়ান শরণার্থীকে ফেলে দেবার যে দৃশ্য সারা দুনিয়ায় সাড়া ফেলেছিল - সেই শরণার্থী ওসামা মোহসেন স্পেনে তার ফুটবল কোচের চাকরিটি হারিয়েছেন।
গত বছর মি. মোহসেন তার ছোট ছেলেকে কাঁধে নিয়ে সার্বিয়া থেকে সীমান্ত পার হয়ে দৌড়ে হাঙ্গেরিতে ঢোকার সময় একজন মহিলা ফটোসাংবাদিক ল্যাং মারলে তিনি মাটিতে পড়ে যান। অনলাইনে তার ওই পড়ে যাবার ভিডিওটি ব্যাপক সাড়া ফেলে।
মি. মোহসেন সিরিয়ায় প্রথম বিভাগ লিগে ফুটবল খেলতেন, তাই স্পেনে আশ্রয় পাবার পর মাদ্রিদের কাছে সেনাফে নামে একটি ফুটবল স্কুলে তাকে কোচের চাকরি দেয়া হয়।
কিন্তু এক বছর পর তার চাকরিটি আর নবায়ন করা হচ্ছে না।

ছবির উৎস, Getty Images
স্কুলের প্রেসিডেন্ট মিগুয়েল এ্যানজেল গালান বলেছেন, আগামি চার মাসের মধ্যে স্প্যানিশ ভাষা শিখতে পারলে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন।
পেট্রা লাজলো নামে ওই ক্যামেরাম্যানের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ইচ্ছে করে মি. মোহসেনকে ল্যাং মেরে ফেলে দিয়েছেন।
মিজ লাজলো এ অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি এ কারণে বরখাস্ত হন, এবং তার বিরুদ্ধে শৃংখলাভঙ্গের অভিযোগ আনা হয়।




