জুপিটারের কক্ষপথে জুনো স্যাটেলাইট

Published

পৃথিবী ছেড়েছিলো পাঁচ বছর আগে। আর এখন গিয়ে পৌঁছালো জুপিটারের কক্ষপথে।

সূর্য থেকে দূরত্বের বিচারে সৌরজগতে এই গ্রহটির অবস্থান পাঁচ নম্বরে। তবে সবচে বড়ো গ্রহ এই জুপিটার।

হ্যা, আমি নাসার জুনো মিশনের কথা বলছি। এই স্যাটেলাইট এখন জুপিটারের কক্ষপথে ঢুকে এই গ্রহটির চারপাশে ঘুরছে।

নাসার বিজ্ঞানীদের জন্যে এটা বেশ বড় রকমের একটি সাফল্য। কারণ জুনোকে জুপিটারের কক্ষপথে তুলে দেওয়ার কাজটা ছিলো খুব কঠিন।

বিজ্ঞানীদের উল্লাস
ছবির ক্যাপশান, বিজ্ঞানীদের উল্লাস

এজন্যে এক পর্যায়ে জুনো থেকে রকেট নিক্ষেপের মাধ্যমে এর গতি শ্লথ করতে হয়েছে, যাতে এটা জুপিটারের মাধ্যাকর্ষণ শক্তির ভেতরে ঢুকে পড়তে পারে।

নাসার একজন বিজ্ঞানী বলেছেন, সৌরজগতে এটাই সবচে বড়ো ও সবচে খারাপ একটি গ্রহ। এখান থেকে সবচে খারাপ রকমের তেজস্ক্রিয়ার ঘটনা ঘটে। এখানেই আছে সবচে বড়ো ও সবচে খারাপ চৌম্বক ক্ষেত্র।

তিনি বলেন, “জুপিটারে যে ধরনের তেজস্ক্রিয়ার ঘটনা ঘটে সেটি ২০ মিলিয়ান রাড। এই গ্রহটির এতো কাছে আর কোন যান বা স্যাটেলাইট এর আগে আর কখনো পৌঁছাতে পারেনি। রেডিয়েশন বেল্টের এতো ভেতরেও কোন যান এর আগে কখনো প্রবেশ করতে পারেনি।”

জুনো যখন জুপিটারের কক্ষপথে চড়ে বসলো তখনই আটশো মিলিয়ন কিলোমিটার দূরের এই পৃথিবীতে তার বার্তা এসে পৌঁছালো আর তখনই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা আনন্দে উচ্ছসিত হলেন।

জুনো এখন জুপিটারের চারপাশে ঘুরে বেড়াবে ২০ মাসের মতো। এসময় সংগ্রহ করবে গ্যাসের তৈরি এই গ্রহটির একেবারে ভেতরের দিকে কি আছে এবং কিভাবে এই গ্রহটি তৈরি হয়েছিলো।

এই প্রকল্পের পেছনে ব্যয় হয়েছে ১১০ কোটি ডলার।

কুড়ি মাস পরে অভিযান শেষ হলে জুনো আপনা আপনি ভেঙে টুকরো টুকরো হয়ে খসে পড়বে এই পৃথিবীর বায়ুমণ্ডলে।

এই প্রকল্পটি নিয়ে শুনুন নাসার মহাকাশ বিজ্ঞানী ড. অমিতাভ ঘোষের সাক্ষাৎকার।

ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত হয়ে পৃথিবীতে যতো মানুষের মৃত্যু হয় সেটা এইডস কিম্বা যক্ষায় মৃত্যুর চেয়ে কোনো অংশে কম নয়।

চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যানসেটে এক গবেষণায় বলা হয়েছে, হেপাটাইটিস সংক্রমণে ২০১৩ সালে প্রায় ১৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

এই রোগের টীকা ও চিকিৎসা থাকা সত্বেও মৃত্যুর সংখ্যা এতো বেশি হওয়ায় অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরকম দুটো ঘাতক রোগের কথা উল্লেখ করেছে। একটি এইডস এবং অন্যটি যক্ষা।

হেপাটাইটিসে আক্রান্ত লিভার
ছবির ক্যাপশান, হেপাটাইটিসে আক্রান্ত লিভার

সংস্থার হিসেবে, ২০১৪ সালে সারা বিশ্বে এইডস-সংক্রান্ত অসুস্থতায় মারা গেছে ১২ লাখ মানুষ আর যক্ষায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ লাখ মানুষের।

ভাইরাল হেপাটাইটাসের কথা বলতে গিয়ে গবেষকরা পাঁচটি ভিন্ন ভিন্ন ভাইরাসের কথা উল্লেখ করেছেন। সেগুলো হচ্ছে- এ, বি, সি, ডি, ই।

এর কোনো কোনোটি, আক্রান্ত মানুষের শরীরের তরল পদার্থ থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হতে পারে। আবার কোনো কোনটি হতে পারে দূষিত খাবার ও পানি থেকে।

হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি-তে আক্রান্ত হয়ে সবচে বেশি মৃত্যুর ঘটনা ঘটে। এই দুটো ভাইরাসের কারণে লিভারের যেমন ক্ষতি হতে পারে, তেমনি হতে পারে লিভার ক্যান্সারও।

সমস্যা হলো, এই দুটো ভাইরাসে আক্রান্ত হলে প্রাথমিকভাবে যেহেতু অসুস্থতার কোন লক্ষণ বা উপসর্গ দেখা যায় না, তাই মানুষ বুঝতেও পারে না যে তারা আক্রান্ত হয়েছে। যখন জানতে পারে ততোক্ষণে সেটা অনেক দেরি হয়ে যায়।

হেপাটাইটিস সি প্রতিরোধী টিকা
ছবির ক্যাপশান, হেপাটাইটিস সি প্রতিরোধী টিকা

ইমপেরিয়াল কলেজ লন্ডন এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যৌথভাবে এই গবেষণাটি চালিয়েছেন।

১৯৯০ সাল থেকে শুরু করে ২০১৩ সাল পর্যন্ত ২৩ বছর ধরে ১৮৩টি দেশে এই গবেষণাটি পরিচালিত হয়েছে।

তারা দেখেছেন, গত দুই দশকে ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু কমেছে যক্ষা এবং ম্যালেরিয়ায় মৃত্যুর হার।

গবেষণায় বলা হচ্ছে, এই পরিস্থিতি সবচে খারাপ পূর্ব এশিয়ায়। এবং উচ্চ ও মধ্যবিত্ত পরিবারেই ভাইরাল হেপাটাইটিসে মৃত্যুর সংখ্যা বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মায়ের শরীর থেকে হেপাটাইটিস বি যাতে শিশুর শরীরে যেতে না পারে সেবিষয়ে টীকা কর্মসূচিকে আরো সম্প্রসারিত করতে হবে।

নিশ্চিত করতে হবে হেপাটাইটিস বি ও সিতে আক্রান্ত লোকেরা যাতে ঠিকমতো চিকিৎসা পেতে পারেন।