মাঠে ময়দানে

Published

বাংলাদেশে পর পর দুটো জঙ্গী হামলার পর সে দেশের মাটিতে আন্তর্জাতিক দলগুলোর সফর নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইংল্যান্ড অধিনায়ক ইওন মর্গ্যান ইতিমধ্যেই প্রকাশ্যে বলেছেন, বাংলাদেশে তাদের আসন্ন সফর নিয়ে দলের ভেতর উদ্বেগ ও আশঙ্কা আছে।

এর আগে গত বছর ক্রিকেট অস্ট্রেলিয়াও তাদের বাংলাদেশ সফর বাতিল করেছিল নিরাপত্তার যুক্তি দেখিয়েই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদিও প্রাণপণে চেষ্টা করছে ইংল্যান্ডের সফর যাতে বাতিল না-হয়, কিন্তু বাংলাদেশের মাটিতে বিদেশি দলগুলোর খেলা নিয়ে কি এই মুহুর্তে সত্যিই কি আশঙ্কায় ভোগার কারণ আছে?

এ নিয়ে কথা বলছিলাম ক্রিকেট বোর্ডের সাবেক সদস্য ও জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে।

অনুষ্ঠানে শুনবেন গাজী আশরাফ হোসেন লিপুর সাক্ষাৎকার, যেখানে তিনি বলছেন ‘ফ্রান্সে কিছুদিন আগে এত বড় জঙ্গী হামলার পর কই সেখানে তো ইউরো-র খেলা থেমে থাকেনি?’

serena_williams

টেনিসের ওপেন এরাতে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড আছে মার্গারেট কোর্টের, চব্বিশটি।

বাইশটি খেতাব নিয়ে তার পরের জায়গাটি ছিল এতদিন শুধু স্টেফি গ্রাফের – কিন্তু গত শনিবার উইম্বলডন জিতে তাকে ছুঁয়ে ফেললেন আর এক কিংবদন্তী সেরেনা উইলিয়ামস।

মাত্র সতেরো বছর বয়সে, গত শতাব্দীর শেষ বছরে ইউ এস ওপেন জিতে প্রথম গ্র্যান্ড স্লাম খেতাব পেয়েছিলেন সেরেনা।

আজ প্রায় পঁয়ত্রিশ ছুঁই ছুঁই বয়সে এসেও অনায়াসে জিতছেন একটার পর একটা গ্র্যান্ড স্লাম, ধারেকাছে কোনও জুৎসই প্রতিদ্বন্দ্বীকেও দেখা যাচ্ছে না।

স্টেফি গ্রাফ বা মার্টিনা নাভ্রাতিলোভাকে মাথায় রেখেও সেরেনাই আসলে আধুনিক টেনিসের সেরা – এখন কি এটা বলার সময় এসে গেছে?

ষাটের দশকে সব গ্র্যান্ড স্লামে চুটিয়ে খেলা ভারতের টেনিস তারকা জয়দীপ মুখার্জি কিন্তু ওভাবে তুলনা করতে রাজি নন!

অনুষ্ঠানে শুনবেন জয়দীপ মুখার্জির সাক্ষাৎকার, যেখানে তিনি বলছেন কুড়ি-তিরিশ বছরের ব্যবধানে যে তারকারা খেলেন তাদের মধ্যে সঠিক তুলনা সম্ভব নয় – কারণ এর মধ্যে খেলার র‍্যাকেট থেকে শুরু করে জুতো, সবই যে বদলে গেছে!