স্তন ক্যান্সার চিকিৎসায় জিন নকশা
স্তন ক্যান্সারের চিকিৎসায় আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল বড় রকমের একটি গবেষণা কাজ শেষ করেছে।
বিজ্ঞানীরা বলছেন, এই রোগের চিকিৎসায় এটাই সবচে বড়ো জিন গবেষণা।
তারা বলছেন, কি কারণে স্তনের ক্যান্সার হয়, এই গবেষণা থেকে তারা এর একটি পূর্ণাঙ্গ চিত্র পেয়েছেন।
পাঁচশোরও বেশি স্তন ক্যান্সার রোগীর জিন পরীক্ষা নিরীক্ষা করে তারা এই গবেষণাটি চালিয়েছেন।
ক্যামব্রিজ-ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান স্যাঙ্গার ইন্সটিটিউট এই গবেষণা চালিয়ে বলছে, এই রোগের জন্যে দায়ী এরকম পাঁচটি নতুন জিন তারা আবিষ্কার করেছেন। এর ফলে স্তন ক্যান্সারের জন্যে দায়ী জিনের সংখ্যা দাঁড়ালো ৯৩টি, যেসব পরিবর্তনের মাধ্যমে টিউমারের সৃষ্টি করতে পারে।
গবেষকরা বলছেন, এসব তথ্য ব্যবহার করে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদেরকে আলাদা আলাদাভাবে তাদের নিজেদের মতো করে চিকিৎসা দেওয়া সম্ভব।

ছবির উৎস, SPL
ভানেসা বাবেজের স্তন ক্যান্সার ধরা পড়েছিলো ২০০৮ সালে। তারপর থেকে তিনি কেমোথেরাপি চিকিৎসাও নিয়েছেন। নিয়েছেন রেডিওথেরাপি এবং মেসটেকটমি চিকিৎসাও। নতুন এই গবেষণার কথা জানার পর তিনি বলছেন, স্তন ক্যান্সার চিকিৎসায় এটা খুবই দারুণ এক অগ্রগতি বলে তার মনে হচ্ছে।
তিনি বলেন, “নতুন নতুন গবেষণা আমাদেরকে সবসময়ই সাহায্য করে এবং আমাদের মধ্যে আশার সঞ্চার করে থাকে। এসব গবেষণার ফলাফল থেকে আমরা আশা করি যে আমরা হয়তো ক্যান্সার কাটিয়ে উঠে বেঁচে থাকতে পারবো। কোনো একদিন হয়তো তারা এর চিকিৎসা খুঁজেও বের করবে।”
স্তন ক্যান্সারের ওপর নতুন এই গবেষণার ফলাফলটি বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, এই রোগের কারণ জানতে হলে বুঝতে হবে আমাদের ডিএনএর ভেতরে কি সমস্যা হয়েছে যার ফলে একটি সুস্থ টিস্যু ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকতে পারে।

ছবির উৎস, STEVE GSCHMEISSNERSCIENCE PHOTO LIBRARY
তারা বলছেন, সেটা বুঝতে গিয়েই তারা এসব জিনের সম্পূর্ণ একটি নকশা তৈরি করতে সক্ষম হয়েছেন।
এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন প্রফেসর মাইক স্ট্র্যাটন। তিনি বলছেন, প্রাণঘাতী এই স্তন ক্যান্সার রোগের চিকিৎসায় এই গবেষণা একটি মাইলস্টোন।
তিনি বলেন, “গত শতাব্দীর শেষ ভাগে আমরা প্রথমবারের মতো কিছু জিন চিহ্নিত করতে পেরেছিলাম যেগুলো পরিবর্তিত হয়ে টিউমার সৃষ্টি করে। কিন্তু এখন বিশাল সংখ্যক ক্যান্সারের পুরো জিনগত কাঠামো সম্পর্কে আমরা একটা ধারণা পেতে চলেছি। বলতে পারেন, যেসব জিনের কারণে স্তন ক্যান্সারের সৃষ্টি হয় এটা কম বেশি তারই একটি সামগ্রিক একটি চিত্র। ফলে ক্যান্সার গবেষণায় এটি খুবই তাৎপর্যপূর্ণ এক মুহূর্ত।”
স্তন ক্যান্সারের এই গবেষণাটি নিয়ে শুনুন যুক্তরাজ্যে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার ইন্সটিটিউটের একজন গবেষক ও চিকিৎসক ড. সুপ্রতীক বসুর সাক্ষাৎকার:
আমরা যখন কোনো আড্ডায় বসি বা পার্টিতে যাই কিম্বা খুব হৈ চৈ হচ্ছে এরকম কোনো জায়গায় থাকি তখনও কিন্তু আমি যার কথা শুনতে চাই তখন শুধু তার কথাই শুনতে পারি।
আশেপাশের সব আওয়াজ থেকে ফিল্টার করেই আমরা নির্দিষ্ট ওই লোকটির কথা শুনতে পাই। বাকি সব আওয়াজ তখন আমাদের কানে আসে না। প্রকৃতিতেও ঠিক একই ধরনের ঘটনা ঘটে।
আমাদের চারপাশে প্রতিনিয়ত নানা রকমের শব্দ হচ্ছে। একটা জঙ্গলের কথা ভেবে দেখুন- সেখানে কতো পোকামাকড় কতো প্রাণী কতো পাখি অনবরত ডেকে চলেছে- কতো রকমের হৈচৈ আর কতো বিচিত্র রকমের শব্দ।। এর ভেতরেই একজন আরেকজনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। শব্দ বিনিময় করতে গিয়ে তারা কিন্তু একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছে।
বিজ্ঞানীদের নতুন এক গবেষণায় বলা হচ্ছে, ঝিঁঝিঁ পোকা অভিনব এক কৌশলে তার নিজের প্রয়োজনীয় শব্দটা শুনতে পায়।
হৈ চৈ এর ভেতরে থেকে সুনির্দিষ্ট কিছু শোনার জন্যে মানুষ তার মস্তিষ্কের নিউরো-কৌশলকে ব্যবহার করে থাকে।

ছবির উৎস, Kon Chu Rang Nature Reserve
কীটপতঙ্গ বিশেষজ্ঞ টিম ককরোল বলেছেন, “আমাদের মস্তিষ্কে যে নিউরো ব্যবস্থা, তার চেয়েও অনেক সহজ আর সরল কীটপতঙ্গের নিউরো সিস্টেম। একধরনের ঝি ঝি পোকা আছে যেটাকে বলা হয় ট্রি ক্রিকেট। এই পোকার ক্ষেত্রে শব্দ শোনার বিষয়টি কিভাবে কাজ করে সেটা নিয়ে সম্প্রতি একটি গবেষণা হয়েছে।”
“এই পোকার গঠন একেবারে আলাদা- কান দুটো তার সামনের দুটো পায়ের ওপর বসানো। এই পোকাটি খুবই অভিনব উপায়ে এক জায়গা থেকে আরেক জায়গায় শব্দ পাঠিয়ে থাকে। গাছের যে শাখার ওপর পোকাটি বসে থাকে তার উপরে পা দিয়ে আঘাত করার মাধ্যমে সে শব্দ তরঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায়। সাধারণত শব্দ প্রবাহিত হয় বাতাসের মধ্য দিয়ে। কিন্তু ঝি ঝি পোকাটি এখানে অন্য ধরনের কৌশল ব্যবহার করছে। সে যার কাছে শব্দটি পাঠাচ্ছে সেও কিন্তু বসে আছে গাছের আরেকটা ডালের ওপর। সে তখন তার পায়ের সাহায্যে গাছের ডালের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে আসা ওই তরঙ্গ ধরতে পারে এবং তার পায়ের বসানো কান দিয়ে পোকাটি ওই শব্দটা শুনতে পারে।”
বিজ্ঞানীরা বলছেন, এসব পোকা কিন্তু বাতাসের দিয়ে প্রবাহিত শব্দও শুনতে পারে। তবে কিছু কিছু পোকা আছে যেগুলো নির্দিষ্ট কিছু তরঙ্গে প্রবাহিত শব্দ আপনা আপনিই শুনতে পায়। ওই তরঙ্গের সাথে তাদের কান টিউন করা থাকে। শুধু তাই নয়, কিছু কিছু তরঙ্গ তারা বহুগুণে বৃদ্ধিও করতে পারে। এসব তরঙ্গ পরিবেশের তাপমাত্রার সাথেও সম্পর্কিত। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এসব পোকামাকড়ের সৃষ্ট তরঙ্গও বৃদ্ধি পায়।
মাত্র ১০ ডিগ্রি সেলসিয়াসের কমবেশি থেকেও শব্দের এরকম তারতম্য ঘটে থাকে।
একই সাথে পরিবর্তন ঘটে পোকামাকড়ের মস্তিষ্কে শব্দ শোনার প্রক্রিয়াতেও।
বিজ্ঞানের আসর পরিবেশন করেছেন মিজানুর রহমান খান: