মাঠে ময়দানে

ছবির উৎস, AFP
চলতি আইপিএলে অনেক পর্যবেক্ষকই ফেভারিটের তালিকায় রেখেছিলেন রয়াল চ্যালেঞ্জর ব্যাঙ্গালোর বা আরসিবিকে। সঙ্গত কারণেই রেখেছিলেন।
কারণ দলে খেলছেন বর্তমান বিশ্ব ক্রিকেটের প্রথম সারির অন্তত চারজন তারকা – ভিরাট কোহলি, ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স এবং শেন ওয়াটসন।
কিন্তু দেখা যাচ্ছে, আইপিএলে সময় ভালো যাচ্ছেনা তারকা খচিত এই দলের। রোববার পর্যন্ত ছটি ম্যাচের চারটিতেই তারা হেরেছে। প্রচুর রান করলেও, দলের বোলাররা ডিফেন্ড করতে পারছেন না।
ক্রিকেট বিশ্লেষক বরিয়া মজুমদার বলছেন, বোলারের অভাবে আরসিবির এই দুর্দশা।
মি মজুমদার বলেন, যে ফর্মের ক্রিকেটই হোক না কেন, দলে বোলিং ব্যাটিংয়ের ভারসাম্য না থাকলে ভালো ফল করা অসম্ভব।
স্প্যানিশ ফুটবলে, তথা ইউরোপীয় ফুটবলে নতুন জায়ান্ট হিসাবে আবির্ভূত হয়েছে এটলেটিকো মাদ্রিদ।
ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লীগে এবার বার্সিলোনা তারা কোয়ার্টার ফাইনাল রাউন্ড থেকে ছিটকে দিয়েছে। আর গত সপ্তাহে সেমিফাইনালের প্রথম লেগে হারিয়েছে জার্মানির বায়ার্ন মিউনিখকে।
মঙ্গলবার বায়ার্নের মাঠে সেমিফাইনালের সেকেন্ড লেগে ড্র করতে পারলেও চ্যাম্পিয়নস লীগের ফাইনাল খেলবে অ্যাটলেটিকো, যে দলটিকে মাত্র দশ বছর লা লীগায় রেলিগেশনের শিকার হয়ে সেকেন্ড ডিভিশন লীগ খেলার লজ্জায় পড়তে হয়েছিল।

ছবির উৎস, Getty
মিউনিখে মঙ্গলবারের সেমিফাইনালে এটলিটিকোকেই ফেভারিট মনে করছেন মাদ্রিদে ফুটবল বিশ্লেষক ফিল মিনশুল। "কেন আমি বলছি মে মাসের ২৮ তারিখ মিলানের ফাইনালে খুব সম্ভবত অ্যাটলেটিকো যাবে? প্রথম আমি একটি নাম বলবো – আন্তোয়ান গ্রীযম্যান। সারা মৌসুম ধরে গ্রীযম্যান টপ ফর্মে। এ মুহূর্তে পুরো ইউরোপের প্রথম তিনজন স্ট্রাইকারের মধ্যে গ্রীযম্যান একজন। এছাড়া গোলকিপার ওব্লাক সারাটা মৌসুম ধরেই জালে বল ঢুকতেই দেননি।"
কয়েক দশক ধরে স্প্যানিশ ফুটবল দুটো ক্লাবের একচেটিয়া প্রাধান্য – রিয়েল মাদ্রিদ এবং বার্সিলোনা। মাত্র গত কয়েক বছর ধরে স্পেনের বাইরে ফুটবল প্রেমীরা অ্যাটলেটিকো মাদ্রিদের কথা শুনছে।
এবার তারাই মেসি-নেইমার-সুয়ারেজের মত ফুটবলার দিয়ে তৈরি দল বার্সিলোনাকে কোয়ার্টার ফাইনাল রাউন্ড থেকে বের করে দিয়েছে। লা লীগার শিরোপাও এবার তিনটি দলের যে কারো ভাগ্যে জুটতে পারে। এখন পর্যন্ত ব্যবধান মাত্র এক দুই পয়েন্টের।

ছবির উৎস, AFP
তাহলে স্প্যানিশ এবং ইউরোপীয় ফুটবলে এটলেটিকো কি রিয়েল-বার্সার প্রাধান্য ভেঙ্গে ফেলছে? এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ফিল মিনশুলের।
দু বছর আগেও অ্যাটলেটিকো চ্যাম্পিয়নস লীগের ফাইনালে পৌঁছেছিলো। লিসবনের ঐ ফাইনালে তারা অবশ্য রিয়েল মাদ্রিদের কাছে হেরে যায়। কিন্তু তারপর গত দুই বছর ধরে তারা দলকে ক্রমাগত শক্তিশালী করেছে।
"প্রধান কৃতিত্ব তাদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনির। একসময় আর্জেন্টিনা দলের মিডফিল্ডার হিসাবে যেভাবে প্রতিপক্ষকে নাজেহাল করতেন, কোচ হিসাবেও তিনি একই ধরণের ভূমিকা রাখছেন। আমি বলবো গত ক বছরে অ্যাটলেটিকোর এই যে উত্থান, তার প্রধান কারিগর সিমিওনি।"
পাশাপাশি তাদের স্কোয়াডে অসামান্য কয়েকজন ফুটবলার আছেন – আন্তোয়ান গ্রীযম্যান, ওব্লাক এখন নিঃসন্দেহে ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ গোলকিপার। স্প্যানিশ জাতীয় দলের দুজন -- কোকে এবং ইওয়ানফ্রান অসামান্য দুই ফুটবলার। এবং ব্যাকে দিয়েগো গডিন পুরো দলটাকে ধরে রাখে। তাকে ভেদ করে গোল বক্সে ঢোকা দুরূহ হয়ে পড়েছে প্রতিপক্ষের স্ট্রাইকাররা।
"ফলে চোখ বন্ধ করে বলা যায়, লা লীগা এবং সেই সূত্রে চ্যাম্পিয়নস লীগে বার্সিলোনা এবং রিয়েল মাদ্রিদের যে একচ্ছত্র আধিপত্য তা ভেঙ্গে দিয়েছে অ্যাটলেটিকো।"
মি মিনশুল মনে করেন এ বছর তারা যদি চ্যাম্পিয়নস লীগ নাও যেতে, অ্যাটলেটিকো ধারাবাহিকভাবে আরো শক্তিশালী হয়ে উঠবে। এ বছরের লা লীগাও যদি তারা জেতে, অবাক হবার কিছু থাকবে না।