টাইপ ওয়ান ডায়াবেটিস ও চালকবিহীন গাড়ি

Published

ডায়াবেটিস রোগের চিকিৎসায় নতুন এক কৌশল নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা।

এই গবেষণা চলছে লন্ডনের গাইজ হাসপাতালে, যেখানে টাইপ ওয়ান ডায়াবেটিস ঠেকাতে ইমিওনিথেরাপি বা শরীরের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে কাজে লাগানোর কথা বলা হচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন, টাইপ ওয়ান ডায়াবেটিসে রোগ প্রতিরোধী ব্যবস্থা শরীরের যেসব সেল ইনসুলিন তৈরি করে সেগুলোকে ধ্বংস করে দেয়।

রক্তে চিনির মাত্রা বা সুগারের লেভেল নিয়ন্ত্রণে রাখার জন্যে এই হরমোনের প্রয়োজন হয়।

এখন বিজ্ঞানীরা আশা করছেন, এই রোগ প্রতিরোধী ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে পারলে ডায়াবেটিসের চিকিৎসাতেও বড়ো ধরনের অগ্রগতি ঘটবে।

রক্তে সুগারের মাত্রা পরীক্ষা
ছবির ক্যাপশান, রক্তে সুগারের মাত্রা পরীক্ষা

এই গবেষণার জন্যে এমন কিছু রোগী সংগ্রহ করা হয়েছে যাদের শরীরে খুব সম্প্রতি টাইপ ওয়ান ডায়াবেটিস ধরা পড়েছে।

এবং তাদের শরীরের অগ্নাশয়ে এখনও কিছু বিটা সেল রয়ে গেছে যেগুলো ইনসুলিন তৈরি করছে।

কিংস কলেজ লন্ডনে এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন প্রফেসর মার্ক পিকম্যান। তাদের এই গবেষণার ব্যাপারে অত্যন্ত আশাবাদী তিনি।

তিনি বলছেন, “ইমিওনিথেরাপির এই পরীক্ষা নিরীক্ষায় যদি সাফল্য পাওয়া যায় তাহলে আমরা রোগীদের শরীরে এখনও যেসব বিটা সেল রয়ে গেছে সেগুলোকে রক্ষা করতে পারবো। এই সেলগুলো শরীরে যে ইনসুলিন তৈরি করে থাকে সেটা তারা অব্যাহত রাখবে। এই ইনসুলিনের কারণে নিয়ন্ত্রণের মধ্যে থাকবে রক্তে গ্লুকোজের মাত্রা। আর সেকারণে ভবিষ্যতে ডায়াবেটিসের জটিলতা অনেকখানিই কমে আসতে পারে।”

কাউকে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করে আবার কাউকে কাউকে ইনসুলিন নিয়ে রক্তে সুগারের মাত্রা ঠিক রাখতে হয়
ছবির ক্যাপশান, কাউকে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করে আবার কাউকে কাউকে ইনসুলিন নিয়ে রক্তে সুগারের মাত্রা ঠিক রাখতে হয়

নাটালি ভোরালের বয়স মাত্র কুড়ি। প্রায় দেড় বছর আগে তার শরীরে ধরা পড়েছে টাইপ ওয়ান ডায়াবেটিস। তার রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখতে তাকে দিনে চারবার ইনসুলিন নিতে হতো।

এই গবেষণায় তিনিই প্রথম ইনজেকশনটি নিয়েছেন। তিনি আশা করছেন, এই চিকিৎসা তার ডায়াবেটিসকে ঠেকিয়ে দেবে এবং তিনি অন্যান্য সুস্থ মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করতে সক্ষম হবেন।

নাটালির মতো আরো যাদের ওপর এই পরীক্ষা চালানো হচ্ছে তাদেরকে মোট ছ’টি ইনজেকশন নিতে হবে। নিতে হবে চার সপ্তাহ পরপর।

টাইপ ওয়ান ডায়াবেটিসের চিকিৎসায় নতুন এই গবেষণাটি নিয়ে শুনুন ব্রিটেনে একজন চিকিৎসক ড. জাকের উল্লাহর সাক্ষাৎকার।

সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত হয়ে গেলো গাড়ির একটি প্রদর্শনী যেখানে মূল আকর্ষণ ছিলো চালকবিহীন গাড়ির ভবিষ্যৎ।

গাড়ি নির্মাণকারী বিভিন্ন প্রতিষ্ঠান প্রদর্শনীতে এধরনের কিছু গাড়ি তুলে ধরেছে।

কোথাও যেতে হলে আপনাকে আর গাড়ি চালাতে হবে না – এমন দিনের জন্যে হয়তো আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।

গাড়িতে বসে কমান্ড করবেন, ঠিকানা বলে দেবেন – ব্যাস এতোটুকুই, তারপর সেই গাড়ি আপনাকে নিয়ে যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে।

এরকম একটি গাড়িতে দেখা গেলো সামনের আসনে, যেখানে চালক বসেন, সেখানে কোনো স্টিয়ারিং নেই। তার বদলে সামনে ঝকঝক করছে অত্যাধুনিক একটি ড্যাশ বোর্ড।

সেখানে আছে হাই ডেফিনিশন স্ক্রিন। ওখানে আপনি চাইলে গেইম খেলতে পারেন। এমনকি করতে পারেন কাজও। ইমেইলও চেক করতে পারেন। এছাড়াও আছে গান শোনার চমৎকার একটি সিস্টেম।

সুইস প্রতিষ্ঠান রিনস্পিড এই নমুনা গাড়িটি তৈরি করেছে। কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতে গাড়ি হয়তো দেখতে এরকমই হবে।

শুধু তাই নয়, চালকবিহীন গাড়িতে বসে যদি আপনার একঘেয়ে লেগে থাকে এবং আপনি যদি পুরনো ধাঁচের গাড়িতে ফিরে যেতে চান, তাহলে সেই উপায়ও আছে।

একটা বাটনে চাপ দিলেই ওই ড্যাশবোর্ড ভাঁজ হয়ে পরিণত হবে স্টিয়ারিং হুইলে। তারপর আগেকার আমলের মতো, আজকের দিনে আমরা যেভাবেই গাড়ি চালাচ্ছি, সেভাবে চালাতে পারবেন।

রিনস্পিডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফ্রাঙ্ক রিন্ডারক্নেক্ট বলেছেন, “কেউ কেউ দাবি করছেন, গাড়ি চালানোর যে আনন্দ, চালকবিহীন গাড়ি তৈরির মাধ্যমে তাদের কাছ থেকে সেই আনন্দটা কেড়ে নেওয়া হচ্ছে। আমি বিষয়টিকে এভাবে দেখছি না। বরং আমি বলছি খুব সহজ একটা অপশনের কথা- আপনি যদি মিটিং-এর জন্যে কোথাও যেতে চান, বা যেতে চান অফিসে, কিম্বা অফিস শেষে বাড়িতে ফিরতে চান, তাহলে গাড়িতে বসে আপনি শুধু একটি অটো-পাইলট বাটনে চাপ দেবেন, ব্যাস, তারপর সেই গাড়ি আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে।”

একসময় মনে হতো যে এরকম একটা গাড়ি হয়তো শুধু একজন প্রকৌশলীর কল্পনাতেই সম্ভব। কিন্তু এখন সেটা বাস্তবেই পরিণত হতে চলেছে।

মূলধারার বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান এরকম একটি গাড়ির নকশা তৈরি করেছে।

জেনেভার প্রদর্শনীতে দেখা যাচ্ছে এই গাড়িটিরও স্টিয়ারিং হুইল ভাঁজ হয়ে ভেতরে ঢুকে গেলো আর সেটা পরিণত হলো আপনার জন্যে বিনোদনের এক ডিভাইসে।

তবে এই গাড়ি এখনও শুধু ধারণার মধ্যেই সীমিত। আজই বাজারে গিয়ে এই গাড়ি কেনা সম্ভব নয়। তবে গাড়ি নির্মাতারা বলছে, এধরনের একটি গাড়ি বাজার থেকে কেনার জন্যে আপনাকে হয়তো আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।