বিধ্বস্ত রকেট: মহাকাশে পর্যটনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, বৃহত্তম মথ

Published

মহাকাশে পর্যটন

মহাকাশে বাণিজ্যিকভাবে পর্যটক পাঠানোর স্বপ্ন নিয়ে গড়ে ওঠা ব্রিটিশ প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের রকেটটি কেনো বিধ্বস্ত হলো তার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

ক্যালিফোর্নিয়ার আকাশে পরীক্ষামূলকভাবে পরিচালিত বিশেষ ফ্লাইটের সময় যানটি মাটিতে ভেঙে পড়ে।

তদন্ত-কাজ শেষ হতে এক বছরেরও বেশি সময় লাগতে পারে বলে বলা হচ্ছে।

বিধ্ব্স্ত রকেটের ভগ্নাংশ
ছবির ক্যাপশান, বিধ্ব্স্ত রকেটের ভগ্নাংশ

তবে প্রাথমিক ধারণা থেকে তদন্তকারীর কর্মকর্তারা বলছেন, সেইফটি ডিভাইসের মতো একটি যন্ত্রের ত্রুটির কারণে হয়তো এই দুর্ঘটনা ঘটেছে।

অবতরণ করার সময় বিমানটির গতি কমিয়ে আনতে সাহায্য করে এই যন্ত্রটি।

যুক্তরাষ্ট্রে পরিবহন নিরাপত্তা বোর্ডের প্রধান ক্রিস্টোফার হার্ট সংবাদ সম্মেলনে বলেছেন, ভার্জিন গ্যালাকটিকের মহাকাশ যানটির জ্বালানী ট্যাঙ্ক এবং ইঞ্জিনে কোনো সমস্যা ছিলো না।

কর্মকর্তারা বলছেন, বিধ্বস্ত মহাকাশ যানটির সব অংশই তারা সংগ্রহ করতে পেরেছেন।

এখন চালকদেরকে কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছিলো, উড্ডয়নের জন্যে তাদের ওপর কোনো ধরনের চাপ ছিলো কীনা, নিরাপত্তা ইস্যু, মহাকাশ যানটির নকশা- সবকিছুই তারা পরীক্ষা করে দেখবেন।

মি. হার্ট বলেছেন, তদন্তকারীরা জানতে পেরেছেন যে রকেটটি আকাশেই বিধ্বস্ত হয়েছে।

গত শুক্রবার স্পেইসশিপ-টু নামের এই মহাকাশ যানটি ক্যালিফোর্নিয়ার একটি মরুভূমিতে বিধ্বস্ত হয়। এতে দু’জন পাইলটের একজন প্রাণ হারান।

ক্যালিফোর্নিয়ায় এই দুর্ঘটনার পর মহাকাশে বাণিজ্যিক ভ্রমণের ভবিষ্যৎ নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন।

কিন্তু ভার্জিন গ্যালাকটিকের এক বিবৃতিতে বলা হয়েছে, আগেকার দিনে আকাশে ও সমুদ্রে চলাচল করা যেমন কঠিন ছিলো ঠিক তেমনি বর্তমানে মহাকাশে চলাচল করাটাও জটিল।

তবে এই মহাকাশে বাণিজ্যিক সফরের তাৎপর্য অনেক। ভবিষ্যৎ পৃথিবীর মানবতা, প্রযুক্তি ও গবেষণার জন্যে তাদের এই উদ্যোগে সাফল্য খুবই জরুরী।

ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্র্যান্সন বলেছেন, তাদের রকেটটিতে ঠিক কি ধরনের সমস্যা হয়েছিলো সেটা খুঁজে বের করতে তারা বদ্ধ পরিকর।

ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্র্যান্সন
ছবির ক্যাপশান, ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্র্যান্সন

তিনি বলেন, “এই দুর্ঘটনা কতো বড়ো ধাক্কা সেটা নির্ভর করছে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তার ওপর। এখন যদি সেই কারণটা পরিষ্কারভাবে জানা যায় তাহলে সেটা অনেক প্রশ্নের জবাব দেবে। কিন্তু সেবিষয়ে এখনও আলোচনা করার সময় আসেনি।”

ভার্জিন গ্যালাকটিক চায় মহাকাশে পর্যটক পাঠাতে, অন্ততপক্ষে কক্ষপথের খুব কাছাকাছি কোনো জায়গায়। তারা বলছেন, মহাকাশকে মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার জন্যেই তারা কাজ করছেন এবং মহাকাশকে গণতান্ত্রিক করে তোলার জন্যে তাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।

ভার্জিন গ্যালাকটিকের একটি প্রতিষ্ঠাতা নভোচারী পার উইমার বলছেন, মহাকাশ অত্যন্ত জটিল একটি জায়গা।

তিনি বলেন, “ভবিষ্যতের এক নভোচারী হিসেবে, বেসরকারিভাবে মহাকাশ অভিযানের কিছু কিছু ঝুঁকির ব্যাপারে আমরা অবহিত আছি। এটা নতুন একটা শিল্প। আমরা এমন একটা সীমাবদ্ধতা অতিক্রম করার চেষ্টা করছি, মানব সভ্যতা যা আগে কখনো করতে পারেনি। শুক্রবারের দুর্ঘটনা আমাদের মহাকাশে যাওয়ার স্বপ্নকে আরো জোরালো করেছে। আগে যদি ১০০ ভাগ অঙ্গীকারাবদ্ধ থাকি, আমি বলবো এই স্বপ্ন পূরণে এখন আমি ১১০ ভাগ প্রতিশ্রুতি-বদ্ধ।”

প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিলো ২০১৫ সালের মধ্যে বাণিজ্যিকভাবে পর্যটকদের জন্যে মহাকাশ সফর চালু করা।

ইতোমধ্যেই তারা সাতশোর মতো ফ্লাইটের বুকিং নিয়েছে। আর একেকজনের জন্যে টিকেটের দাম পড়েছে আড়াই লাখ ডলার।

বৃহত্তম মথ রাঙামাটিতে

বাংলাদেশে বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর সবচে বড়ো একটি মথের সন্ধান পাওয়া গেছে পার্বত্য জেলা রাঙামাটিতে।

এ ধরনের মথ
ছবির ক্যাপশান, এ ধরনের মথ

দেখতে প্রজাপতির মতো এই মথের এক পাখা থেকে আরেক পাখার দূরত্ব প্রায় এক ফুট আর মথটি লম্বায় নয় ইঞ্চিরও বেশি।

এই মথের বৈজ্ঞানিক নাম অ্যাটাকাস অ্যাটলাস।

চিত্রিত পাখার এই মথটি এর আগে বাংলাদেশের অন্যত্রও বিক্ষিপ্তভাবে পাওয়া গেছে।

তবে বিভিন্ন তথ্য উপাত্ত পরীক্ষা করে দেখা গেছে এটাই সবচে বড়ো। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীতে প্রজাপতির চেয়ে মথের সংখ্যাই বেশি।

এর তাৎপর্য্য নিয়ে শুনুন রাঙামাটি সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক পল্লভি দেওয়ানের সাক্ষাৎকার।

বিজ্ঞানের আসর পরিবেশন করছেন মিজানুর রহমান খান: