মাঠে ময়দানে

Published
china cricket
ছবির ক্যাপশান, চীনারাও খেলছে ক্রিকেট

বিশ্ব ক্রিকেটের কর্তারা বলছেন, আধুনিক বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি, এবং বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন যদি ক্রিকেট না খেলে তাহলে ক্রিকেটের সত্যিকারের প্রসার ঘটানো যাবে না।

তাই চীনে এখন চলছে ক্রিকেট খেলার প্রসার এবং প্রশিক্ষণের কাজ। চীনের কমকর্তাদের লক্ষ্য, এমনভাবে ক্রিকেটকে এগিয়ে নেয়া যাতে ২০২০ সালের মধ্যে চীন টেস্ট ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করা যায়।

আর সেই কাজে অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে কাজ করছেন একজন বাংলাদেশী ক্রিকেটার - জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে আমিনুল ইসলাম বুলবুল পরিচিত নাম।

২০০০ সালে বাংলাদেশ তার প্রথম টেস্ট খেলেছিল ভারতের বিরুদ্ধে। সেই ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসেই সেঞ্চুরি করে ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছেন আমিনুল ইসলাম।

cricket_bulbul_china_bangladesh
ছবির ক্যাপশান, আমিনুল ইসলাম বুলবুল

গত ছয় বছর ধরে তিনি চীনে ক্রিকেট প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। কি অভিজ্ঞতা তার, আর এতদিনে চীনে ক্রিকেট কতটা এগিয়েছে - তা শুনবেন মাঠে ময়দানেতে বুলবুলের নিজের মুখেই।

বিপিএলে ম্যাচ ফিক্সিংএ জড়িত খেলোয়াড়-কর্মকর্তারা অভিযুক্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামের টি২০ ক্রিকেট টুর্নামেন্টের সময় ম্যাচ ফিক্সিং-এর অভিযোগে ঢাকা গ্ল্যাডিয়েটরস নামে একটি ফ্রান্চাইজির অন্যতম মালিক শিহাব জিশান চৌধুরীকে দোষী সাব্যস্ত করেছে বিসিবির ট্রাইবুনাল।

এই ঘটনা তদন্তের সময়ই বাংলাদেশের নামী খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল এবং আরো একজন টাকার বিনিময়ে ম্যাচ ফিক্সংএর জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন।

এদের তিনজনই শাস্তি পাবেন - তবে তা কি হবে তা এখনো ঘোষিত হয়নি। এছাড়া খেলোয়াড় ও কর্মকর্তা সহ আরো ৬ জনকে নির্দোষ বলে রায় দিয়েছে।

এই রায় অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড - কোন পক্ষকেই পুরোপুরি সন্তুষ্ট করে নি।

bpl logo
ছবির ক্যাপশান, বিপিএল

তাই আপিল এবং আইনী নানা প্রক্রিয়া চলবে আরো কিছুদিন এটা অনুমান করা যায়। কিন্তু বিপিএলে ম্যাচফিক্সং - আর আশরাফুলের স্বীকারোক্তি বাংলাদেশের ক্রিকেটকে যে ধা্ক্কা দিয়েছিল - তাতে এই ট্রাইবুনালের রায় কতটা প্রভাব ফেলবে? ব্যাখ্যা করেছেন ক্রিকেট ভাষ্যকার রকিবুল হাসান।

ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড মোয়েস কোথায় ভুল করছেন?

ফুটবল দুনিয়ায় এখন এক বিরাট আলোচনার বিষয় : ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েছে টা কি?

দোর্দন্ডপ্রতাপ ম্যানেজার স্যার এ্যালেক্স ফারগুসন বিদায় নেবার পর তার ইচ্ছায় নতুন ম্যানেজার হয়ে আসেন ডেভিড মোয়েস - যিনি এর আগে আট-ন বছর ধরে প্রিমিয়ার লিগের মধ্যম কাতারের দল এভারটনের ম্যানেজার ছিলেন।

কিন্তু তিনি আসার পর ১৩ বার প্রিমিয়ার লিগ বিজয়ী দলটির এই মওসুম এক দু:স্বপ্নে পরিণত হয়েছে। তারা ইতিমধ্যেই এফ এ কাপ থেকে ছিটকে গেছে, ছিটকে গেছে ক্যাপিটাল ওয়ান লিগ কাপ থেকেও।

david moyes manchester united
ছবির ক্যাপশান, ডেভিড মোয়েস

চ্যাম্পিয়নস লিগে শেষ ১৬তে অলিম্পিয়াকোসের বিরুদ্ধে প্রথম খেলায় তারা ২-০ গোলে হেরে যাওয়ায় এই টুনামেন্ট থেকেও ছিটকে যাবার ঝুঁকিতে পড়েছে।

সবচেয়ে উদ্বেগের ব্যাপার হলো প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় তারা আছে ছ নাম্বারে, এবং আগামি বছর চ্যাম্পিয়ানস লিগে তারা খেলতে পারবে কিনা তা পড়েছে ব্যাপক অনিশ্চয়তার মুখে।

এটা যে শুধু ফুটবলের সংকট তাই নয়, আর্থিক সংকটের ঝুঁকিও বিশাল - কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত আছে সারা দুনিয়া জুড়ে, এবং এটা একটা অর্থনৈতিক সাম্রাজ্য, শুধুই একটি ফুটবল ক্লাব নয়।

এখন তাই প্রশ্ন উঠেছে ডেভিড মোয়েস কি ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার পদে থাকার উপযুক্ত? কেন এ অবস্থা তৈরি হলো, ডেভিড মোয়েস কোথায় ভুল করেছেন?

বিশ্লেষণ করেছেন বিবিসির ফুটবল-পন্ডিত রবি স্যাভেজ।

এবারের মাঠে ময়দানে পরিবেশন করেছেন পুলক গুপ্ত।