পশ্চিমবঙ্গে ১১ জেলা খরাপ্রবণ ঘোষিত

Published

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কলকাতা বাদে ১৮টি জেলার মধ্যে ১১টি জেলাকেই আজ সরকারীভাবে খরাপ্রবণ বলে ঘোষণা করা হয়েছে৻ একথা ঘোষণা করে রাজ্যের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বলেছেন, ক্ষতিগ্রস্ত জেলাগুলোর কৃষকদের ব্যাঙ্ক ঋণ শোধ করার সময়সীমা বাড়ানো হচ্ছে৻ এছাড়া বিনামূল্যে ধান বীজ বন্টন ও ভর্তুকির কথাও তিনি ঘোষণা করেছেন৻ চলতি মরশুমে নিয়মিত বৃষ্টিপাতের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কম বৃষ্টি হওয়ায় রাজ্যে প্রায় ১১ লাখ হেক্টর জমিতে খরিফ মওসুমের চাষ অনিশ্চিত হয়ে পড়েছে৻ এর প্রভাব খাদ্য উৎপাদনে পড়বে বলে সরকারীভাবে আশঙ্কা প্রকাশ করা হয়েছে৻ পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী নরেন দের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন বিবিসি বাংলার তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়৻