ব্রিটেনে সংখ্যালঘু সম্প্রদায়ের ডাক্তার কেন বেশি মারা গেছেন - তদন্তের দাবি

করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বের প্রায় ১৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখেরও বেশি মানুষের। বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ পরিস্থিতি জানতে বিবিসি বাংলার সাথেই থাকুন।

সরাসরি কভারেজ

  1. ব্রিটেনে সংখ্যালঘু সম্প্রদায়ের ডাক্তাররা কেন বেশি মারা গেলেন - তদন্তের দাবি

    ব্রিটেনে জাতীয় স্বাস্থ্য সেবা এনএইচএস-এ কর্মরত ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা কোভিড নাইনটিনে মারা গেছেন তাদের বেশিরভাগই সংখ্যালঘু জাতিগত সম্প্রদায়ের বংশোদ্ভুত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।

    মৃত স্বাস্থ্য কর্মীরা অধিক সংখ্যায় এথনিক মাইনরিটির এ খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক।

    করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে ১৯ জন এনএইচএস কর্মী মারা গেছেন। এদের মধ্যে প্রথম যে দশজন ডাক্তারের মৃত্যুর খবর দেয়া হয়েছে তারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের।

    ব্রিটেনে চিকিৎসকদের সমিতি ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছে।

    বিএমএ বলেছে এটা কাকতালীয় বলে মেনে নেয়া কঠিন হচ্ছে, কারণ তুলনামূলক হিসাবে এত বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মৃত্যু হয়েছে।

    তাই তদন্ত করে দেখা উচিত এই ভাইরাস থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের (কৃষ্ণাঙ্গ, এশিয়ান ও অন্যান্য সংখ্যালঘু) মানুষের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি কিনা, দাবি করেছেন বিএমএর সভাপতি ডা. নাগপল।

    প্রথম যে দুজন ডাক্তার মারা যান তারা ছিলেন সুদানী বংশোদ্ভুত ব্রিটিশ চিকিৎসক।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  2. আমেরিকায় একদিনে মৃত্যু দু হাজারের বেশি- বিশ্ব রেকর্ড

    নিউ ইয়র্কে রোগীকে হাসপাতালে নেয়া হচ্ছে।
    ছবির ক্যাপশান, আমেরিকায় কোভিড-নাইনটিনে একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু

    আমেরিকা পৃথিবীতে প্রথম দেশ যেখানে কোভিড-নাইনটিনে একদিনে দুই হাজারের বেশি মানুষ মারা গেছে।

    জন্স হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান বলছে আমেরিকায় গত ২৪ ঘন্টায় ২,১০৮ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিতভাবে কোভিড-নাইনটিন শনাক্ত হয়েছে পাঁচ লাখের বেশি মানুষের।

    আমেরিকা হয়ত শিগগরিই মৃতের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে যাবে।

    তবে হোয়াইট হাউসে কোভিড-নাইনটিন টাস্ক ফোর্সের বিশেষজ্ঞরা বলছেন এই প্রাদুর্ভাবের হার গোটা আমেরিকায় স্থিতিশীল হতে শুরু করেছে।

    ড. ডেব্রা বারক্স বলেছেন আক্রান্তের হার একটা স্থিতিশীল পর্যায়ে আসাটা ভাল লক্ষণ, কিন্তু তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, “এই পরিসংখ্যান আশাব্যঞ্জক হলেও আমরা এখনও সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছইনি।”

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকায় ১০ লাখ মানুষ এই ভাইরাসে মারা যাবে বলে আগে যে আভাস দেয়া হয়েছিল, তিনি আশা করছেন মৃতের হার তার থেকে কম হবে।

    “আমাদের কঠোর প্রতিরোধ কৌশল অসংখ্য জীবন বাঁচাবে তার স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে,” মন্তব্য করেছেন মি. ট্রাম্প।

    আমেরিকায় এখন পর্যন্ত মারা গেছে ১৮ হাজার ৬৯৩ এবং ভাইরাস শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৯৯ জনের।

    ইতালিতে মৃতের সংখ্যা ১৮ হাজার ৮৪৯।

  3. তুরস্কে কারফিউ; বাজার করার হিড়িক

    তুরস্কে ইস্তানবুল ও আঙ্কারাসহ ৩১টি প্রদেশে করোনাভাইরাসের কারণে আজ থেকে দুদিনের কারফিউ জারি হয়েছে।

    কারফিউ ঘোষণা করা হয় নিষেধাজ্ঞা কার্যকরা হবার দু ঘন্টা আগে।

    কারফিউ-এর কারণে ইস্তানবুলের রাস্তা ফাঁকা হবার বদলে সেখানে ভীত-সন্ত্রস্ত মানুষের বাজার করার হিড়িক পড়ে গেছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে ৪৮ ঘন্টার কারফিউ শুরুর আগে দোকান ও ব্যাংকের সামনে প্রচুর মানুষ ভিড় করে আছে যা ভাইরাসের সংক্রমণের জন্য ব্যাপক ঝুঁকির কারণ।

    কোথাও কোথাও মারপিটের খবরও পাওয়া গেছে।

    তুরস্কে ৪৭ হাজারের বেশি মানুষের কোভিড-১৯ শনাক্ত হয়েছে এবং সেখানে মারা গেছে এক হাজারের বেশি।

    টু্‌ইটারে বিভিন্ন পোস্টে ছড়িয়ে পড়েছে বাজার করতে মানুষের ভিড়ের ভিডিও ছবি।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  4. বাংলাদেশে ছয়জন ডাক্তারকে সাময়িক বরখাস্ত

    বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা করা হচ্ছে এমন একটি হাসপাতালের মোট ছয়জন ডাক্তারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

    ঢাকার উত্তরায় অবস্থিত কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল যেটি করোনাভাইরাস রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত প্রধান হাসপাতাল, সেই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এদের মধ্যে দুজন সরাসরি কোভিড-নাইনটিন আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

    অন্যরা এই হাসপাতালে কাজে যোগ দেয়ার তারিখ থেকে অনুপস্থিত রয়েছেন। একজন ডাক্তার পদত্যাগ করেছেন।

    বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান এই ছয় জনকে সাময়িকভাবে বরখাস্ত করার খবর নিশ্চিত করেছেন।

  5. মহামারি সামাল দিতে সুইডেন যথেষ্ট ব্যবস্থা নেয়নি

    সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফবেন সুইডিশ টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে করোনাভাইরাস মহামারি সামাল দেবার জন্য সুইডেন যে যথেষ্ট প্রস্তুতি নেয়নি তা পরিষ্কার।

    তিনি বলেছেন যেসব রেস্তোঁরা সামাজিক দূরত্ব বজায় রাখার যথাযথ ব্যবস্থা নেয়নি সেগুলো বন্ধ করে দেয়া হবে।

    সুইডেন, ব্যতিক্রমী দেশ যেখানে রেস্তোঁরা ও পানশালা খোলা রাখা হয়েছে এই শর্তে যে তারা ভাইরাসের বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যসম্মত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

    তবে মি. লফবেন বলেছেন সুইডেনের বেশিরভাগ নাগরিক জনস্বাস্থ্য পরামর্শ মেনে চলছে।

  6. ভাইরাস আতঙ্কে চীনে আফ্রিকানদের হয়রানি

    চীনে আফ্রিকান বংশোদ্ভুতরা সবচেয়ে বেশি সংখ্যায় থাকেন গুয়াংঝুতে।
    ছবির ক্যাপশান, চীনে আফ্রিকান বংশোদ্ভুতরা সবচেয়ে বেশি সংখ্যায় থাকেন গুয়াংঝুতে।

    চীনের দক্ষিণাঞ্চলে গুয়াংঝু শহরে আমেরিকান দূতাবাস বলছে আফ্রিকানরা করোনাভাইরাস ছড়াতে পারে এই আশংকায় আফ্রিকানদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।

    তারা জানিয়েছে চীনের পুলিশ নির্দেশ দিয়েছে কেউ আফ্রিকান বংশোদ্ভুত মনে হলে পানশালা বা রেস্তোঁরায় তাদের খাবার বা পানীয় বিক্রি না করতে।

    আফ্রিকান আমেরিকানদের ওই শহরে না ঢোকার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।

    গত কয়েকদিন ধরে গুয়াংঝু শহরে আফ্রিকানদের হয়রানির নানা খবর এসেছে। তাদের বাসস্থান থেকে উৎখাত করা, হোটেলে থাকতে না দেয়া এবং জোর করে কোয়ারেন্টিনে পাঠানোর খবর জানা গেছে।

    অনেকে বাধ্য হয়ে রাস্তায় ঘুমাচ্ছে।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই স্বীকার করেছে যে “বিক্ষিপ্ত কিছু ঘটনা এবং ভুলবোঝাবুঝির ঘটনা ঘটেছে।”

  7. ব্রিটেনে পিপিই নিয়ে বিতর্ক

    লন্ডনের এক হাসপাতালে স্বাস্থ্য কর্মীরা পিপিই পরে আছেন
    ছবির ক্যাপশান, ব্রিটেনে স্বাস্থ্য| কর্মীদের নিরাপত্তার জন্য দেয়া পিপিই সরঞ্জাম নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

    ব্রিটেনের হাসপাতালগুলোতে ডাক্তার ও নার্সদের নিরাপত্তার জন্য যথেষ্ট সুরক্ষা সরঞ্জাম বা পিপিই আছে এবং তারা যেন তা অতিরিক্ত মাত্রায় ব্যবহার না করে - স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

    স্বাস্থ্য মন্ত্রী বলেছেন হাসপাতাল কর্মীরা চিকিৎসার কাজে ঠিক যতটুকু পিপিই দরকার ঠিক ততটুকুই যেন ব্যবহার করেন – “বেশিও নয়, কমও নয়”।

    ব্রিটেনে রয়াল কলেজ অফ নার্সিংএর প্রধান ডনা কিনিয়ার বিবিসিকে বলেছেন এই মন্তব্যে তিনি অসন্তুষ্ট। তিনি আবার বলেছেন পিপিইর সরবরাহ যথেষ্ট নয়।

    উনিশজন স্বাস্থ্য কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

    বিরোধী লেবার নেতা কিয়ার স্টারমার বলেছেন ফ্রন্টলাইনের স্বাস্থ্য কর্মীরা সরঞ্জামের অপচয় করছে এমন ইঙ্গিত “এক কথায় অপমানজনক”।

    স্বাস্থ্য মন্ত্রী বলেছেন ১৯জন স্বাস্থ্য কর্মীর মৃত্যুর সঙ্গে পিপিই-র অভাবের যোগাযোগ আছে বলে তিনি অবগত নন।

    ওদিকে, ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন বলেছে লন্ডন ও ইয়র্কশায়ার এলাকায় পিপিই-র “ঘাটতি বিপদজনকরকম কম” এবং “জীবনের ঝুঁকি নিয়ে ডাক্তাররা কাজ করছেন”।

  8. লকাডাউনের মধ্যে খাদ্যের দাবিতে বিক্ষোভ

    ভারতে করোনা লকডাউনের কারণে ভিন রাজ্যে কাজে গিয়ে আটকিয়ে পড়া কয়েক হাজার শ্রমিক খাদ্যের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন।

    কলকাতা থেকে বিবিসি-র সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানাচ্ছেন গুজরাতের সুরাত শহরে কর্মরত এই শ্রমিকরা শুক্রবার রাতে রাস্তায় বেরিয়ে পড়েন - অগ্নিসংযোগ ও ইঁট পাথর ছোঁড়া হয়।

    তাদের দাবি ছিল হয় খাদ্যের ব্যবস্থা করা হোক অথবা নিজের রাজ্যে ফিরে যেতে দেওয়া হোক।

    সুরাতে কাজ করতে গিয়ে আটকিয়ে পড়া শ্রমিকরা জানিয়েছেন কোনও স্বেচ্ছাসেবী সংগঠন হয়তো কোনওদিন একবেলা খাবার দিচ্ছেন - বাকি সময় কোনও খাদ্যের সংস্থান নেই তাদের।

    স্বেচ্ছাসেবী সংগঠনগুলি বলছে সরকার যদি এদের জন্য খাবার আর কিছু অর্থের সংস্থান না করে, অন্য রাজ্যেও এরকম বিক্ষোভে নামতে বাধ্য হবেন মানুষ।

    গুজরাতে আহমেদাবাদের রাস্তা
    ছবির ক্যাপশান, সারা ভারতে চলছে তিন সপ্তাহের লকডাউন
  9. ভারতে সারা দেশে লকডাউন বাড়ানো নিয়ে মুখমন্ত্রীদের সঙ্গে মোদীর বৈঠক

    ভারত

    ভারতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারা দেশে লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনুরোধ বিবেচনা করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    সরকারি একজন মুখপাত্র বলেছেন আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন আরও বাড়ানোর জন্য চাপ দিয়েছেন।

    ভারতে ২১ দিনের লকডাউন মঙ্গলবার শেষ হবার কথা।

    ইতোমধ্যে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের রাজ্য সরকার আজ তাদের রাজ্যে লকডাউন ৩০শে এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে।

    গতকাল একই ঘোষণা করেছিল পাঞ্জাব ও উড়িষ্যার রাজ্য সরকার। ওই দুই রাজ্যেও লকডাউন ৩০শে এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

  10. পশ্চিমবঙ্গের সব শিক্ষা প্রতিষ্ঠান ১০ জুন পর্যন্ত বন্ধ

    ভারতের পশ্চিমবঙ্গের সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

    রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘোষণা দেন।

    করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি।

    পশ্চিমবঙ্গের একটি স্কুল।
    ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গের একটি স্কুল।
  11. ব্রেকিং, ভারতের পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ বেড়েছে ৩০শে এপ্রিল পর্যন্ত

    করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে ভারতের পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ ৩০শে এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

    রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘোষণা দেন।

    গোটা ভারতে লকডাউনের মেয়াদ বাড়বে বলে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

    এই লকডাউন মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে।

    দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন।

    ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ পর্যন্ত দেশটিতে ৭,৪৪৭ জনের নিশ্চিত করোনভাইরাসে শনাক্তে হবার খবর দিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী মৃত্যু হয়েছে ২৩৯ জনের।

    তবে আশঙ্কা করা হচ্ছে যে এই ভাইরাসটি ১৩০ কোটি জনসংখ্যার দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে।

    অরবিন্দ কেজরিওয়ালের টুইটবার্তা।
    ছবির ক্যাপশান, অরবিন্দ কেজরিওয়ালের টুইটবার্তা।
  12. ব্রেকিং, বাংলাদেশে ২৪ ঘণ্টায় ৫৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত, মারা গেছেন তিন জন

    বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন তিন জন।

    করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়েছেন।

    বিগত কয়েক দিনের চেয়ে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা কমেছে। গতকালের তুলনায় মুত্যুর সংখ্যাও কম।

    মোট ৯৫৪টি নমুনা পরীক্ষা শেষে ওই ৫৮জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়।

    গত ২৪ ঘণ্টায় যে তিন জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন ঢাকার এবং দু'জন ঢাকার বাইরের বাসিন্দা । তাদের বয়স ৩৮, ৫৫ এবং ৭৪ বছর।

    নতুন করে সুস্থ হয়েছেন আরও তিন জন। এ নিয়ে সুস্থ হয়ে ফিরে গেছেন মোট ৩৬ জন।

    সব মিলিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮২ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।।

    করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরে আছেন এক নারী।
    ছবির ক্যাপশান, করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরে আছেন এক নারী।
  13. বাংলাদেশ পুলিশের নামে খোলা ফেইক পেইজ ও গ্রুপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি

    বাংলাদেশ পুলিশের নাম কিংবা এর লোগো ব্যবহার করে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ফেইক পেইজ বা গ্রুপ খুলেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

    আজ এক প্রেস নোটের মাধ্যমে তারা এই কঠোর অবস্থানে যাওয়ার কথা জানায়।

    ওই প্রেস নোটে বলা হয়, বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেইসবুক পেইজের (https://www.facebook.com/BangladeshPoliceOfficialPage) বাইরে বাংলাদেশ পুলিশের অন্য কোনও ফেইসবুক পেইজ নেই।

    কিন্তু "বাংলাদেশ পুলিশ" কিংবা বাংলাদেশ পুলিশ নামের কিছু অংশ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভুয়া পেইজ এবং গ্রুপ পরিচালনা করছে। সেখানে করোনাভাইরাসসহ আরও নানা বিষয় পোস্ট শেয়ার করা হচ্ছে।

    এবং অনেকেই ওইসব ফেইক পেইজকে বাংলাদেশ পুলিশের আসল পেইজ মনে করে বিভ্রান্ত হচ্ছেন।

    এসব পেইজ, গ্রুপ ও সাইটের ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয় ওই প্রেস নোটে।

    এ ধরনের কো‌নে ফেইক পেইজ কারও চোখে পড়লে সেই পেইজের লিংক বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজে অথবা এর মেসেঞ্জারে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

    ইতোমধ্যে বেশ কয়েকটি ফেইক পেইজ, গ্রুপ ও সাইটের অ্যাডমিনসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

    তারা বলছে, এমন ফেইক পেইজ, গ্রুপ ও সাইট খোলা বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। কেউ এর সঙ্গে সংশ্লিষ্ট থাকলে তাদের দ্রুত সব বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

    বাংলাদেশ পুলিশ।
    ছবির ক্যাপশান, বাংলাদেশ পুলিশ।
  14. খুলনা মেডিকেলের করোনা আইসোলেশন ইউনিটে শিশুর মৃত্যু

    খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

    শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শিশুটি মারা যায় বলে জানিয়েছেন ওই আইসোলেশন ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।

    শিশুটি গতকাল পার্শ্ববর্তী খালিশপুর উপজেলা থেকে চিকিৎসা নিতে এসেছিল বলে জানা গেছে।

    ডা. শৈলেন্দ্রনাথ জানান, শিশুটি জ্বর, সর্দি, কাশি ও মারাত্মক নিউমোনিয়া রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।

    এগুলো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ হওয়ায় তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশন ইউনিটে পাঠিয়ে দেয়া হয়।

    শুক্রবার দুপুর ৩টায় শিশুটিকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ১২টার দিকে মারা যায় শিশুটি।

    শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত ছিল কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য এরিমধ্যে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডা. শৈলেন্দ্রনাথ।

    আজ বেলা ১১টার দিকে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তরের কথা জানান তিনি।

    খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।
    ছবির ক্যাপশান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।
  15. পিপিই-এর অভাবের কারণে ব্রিটেনের চিকিৎসকদের জীবন ঝুঁকিতে

    ব্রিটেনে চিকিৎসকদের একটি সংগঠন বলছে যে, তাদের অনেক সদস্য এখনও করোনভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম পাচ্ছেন না।

    ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বলেছে যে চিকিৎসকরা তাদের জীবন ঝুঁকিতে ফেলে কাজ করছেন।

    শুক্রবার, স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন যে প্রত্যেকের জন্য পর্যাপ্ত কিট রয়েছে এবং সংকট নিরসনের জন্য তিনি একটি পরিকল্পনা প্রণয়ন করেছেন।

    এদিকে, বিএমএ জানিয়েছে, লন্ডন এবং ইয়র্কশায়ারে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের সরবরাহ (পিপিই) বিপজ্জনক হারে কমে আসছে।।

    বিএমএ কাউন্সিলের চেয়ারম্যান ডাঃ চান্দ নাগপল বলেছেন, টিকিৎসকদের কোনঠাসা করে রাখা হয়েছে। তারা সঠিক সুরক্ষা সরঞ্জামসহ সেবা দেবেন কি দেবেন না, তাদেরকে এ ধরণের হৃদয় বিদারক সিদ্ধান্ত নিতে হচ্ছে।

    তিনি বলেন, "এ ধরণের পরিস্থিতিতে টিকে থাকা খুবই কঠিন। সরকার যে চিকিৎসকদের জন্য যথাযথ সরঞ্জামাদি সরবরাহ করতে ব্যর্থ, সেটা প্রকাশ পেয়েছে।।"

    সুরক্ষা সরঞ্জামের অভাবে রয়েছে ব্রিটেনের চিকিৎসকরা
    ছবির ক্যাপশান, সুরক্ষা সরঞ্জামের অভাবে রয়েছে ব্রিটেনের চিকিৎসকরা
  16. স্কটল্যান্ডে বয়স্কদের প্রায় অর্ধেক কেয়ার হোম করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে

    স্কটল্যান্ডে বয়স্কদের দেখাশোনার জন্য বেসরকারিভাবে পরিচালিত প্রায় অর্ধেক কেয়ার হোমগুলিতে করোনভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন শিল্প নেতারা।

    ট্রেড বডি স্কটিশ কেয়ার বলছে, এই ভাইরাসের ছড়িয়ে পড়া নিয়ে আতঙ্কে রয়েছেন কেয়ার হোমের বয়স্ক ব্যক্তিরা।

    এছাড়া সেখানকার কর্মচারিদের অনেকেই আতঙ্কে কাজে আসছেন না। যে। অন্তত ৩০% কাজে আসছে না বলে জানা গেছে। যার একটা বড় প্রভাব পড়েছে কেয়ার হোমগুলোয় থাকা মানুষগুলোর ওপর।

    মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় এবং কেয়ার হোমগুলোয় পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম না থাকায় ভাইরাসে সংক্রমণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

    স্কটল্যান্ডে বয়স্কদের কেয়ারহোমগুলো সংক্রমণের ঝুঁকিতে রয়েছে।
    ছবির ক্যাপশান, স্কটল্যান্ডে বয়স্কদের কেয়ারহোমগুলো সংক্রমণের ঝুঁকিতে রয়েছে।
  17. লকডাউন তুলে নিলে ভাইরাসের ভয়াবহ বিস্তার হতে পারে

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্বব্যাপী যদি সামাজিক দূরত্বের কড়াকড়ি খুব তাড়াতাড়ি তুলে নেয়া হয়, তাহলে করোনাভাইরাসের ভয়াবহ বিস্তার ঘটতে পারে।

    লকডাউন অব্যাহত থাকলেও ইউরোপের দেশ ইতালি ও স্পেন বেশ কিছু পদক্ষেপ শিথিল করেছে।

    জেনিভায় একটি সম্মেলনে মি. টেড্রোস বলছেন, খুব দ্রুত বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়া হলে করোনাভাইরাস ভয়ঙ্করভাবে ফিরে আসতে পারে।

    তিনি বলছেন, মানুষের জীবনযাপনের ওপর থেকে কড়াকড়ি তুলে নেয়ার ক্ষেত্রে দেশগুলোকে পর্যায়ক্রমে আর নিরাপত্তা নিশ্চিত করার কৌশল নিতে হবে।

    ''কিন্তু একই সময়ে এটাও মনে রাখতে হবে, খুব তাড়াতাড়ি এসব বিধিনিষেধ তুলে নেয়া হলে ভাইরাসের আবার ভয়াবহ বিস্তার দেখা দেবে। তখন হয়তো এতোটাই ভয়াবহ হবে যে, আর সামলানো যাবে না।''

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস
    ছবির ক্যাপশান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস
  18. করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে

    জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ২ হাজার ৭৫৩জন।

    এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। সেখানে মারা গেছেন ১৮ হাজার ৮৪৯জন। এরপর যুক্তরাষ্ট্রের অবস্থান, যেখানে মারা গেছেন ১৫ হাজার ৮৭৫জন।

    স্পেনে মারা গেছেন ১৬ হাজার ৮১জন।

    ফ্রান্সে মারা গেছেন ১৩ হাজার ১৯৭ জন। তারপরেই যুক্তরাজ্যর অবস্থান। সেখানে মারা গেছেন ৮ হাজার ৯৫৮জন।

    জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯৬ হাজার, ১৩৯জন।

    আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন নিশ্চিত রোগী রয়েছেন পাঁচ লাখ এক হাজার ৩০১ জন।

    এরপরেই রয়েছে স্পেন। সেখানে এক লাখ ৫৮ হাজার ২৭৩ জন আক্রান্ত রয়েছেন।

    ইতালিতে এক লাখ ৪৭ হাজার ৫৭৭ জন, ফ্রান্সে এক লাখ ২৫ হাজার ৯৩১ জন এবং জার্মানি এক লাখ ২২ হাজার ১৭১জন আক্রান্ত হয়েছেন।

    বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২৪জন।

    সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন তিন লাখ ৭৬ হাজার ৬৬৯জন।

    মৃত্যুর সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র
    ছবির ক্যাপশান, মৃত্যুর সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র
  19. করোনাভাইরাস আক্রান্ত কারও সংস্পর্শে এসেছেন কিনা সেটা বের করতে আসছে অ্যাপ

    আপনি করোনাভাইরাস দ্বারা আক্রান্ত কারও সংস্পর্শে এসেছিলেন কিনা, সে বিষয়ে সতর্ক করতে যৌথভাবে একটি প্রযুক্তি বিকাশ করতে যাচ্ছে অ্যাপল এবং গুগল ।

    তৃতীয় পক্ষের কোনো অ্যাপ ডেভেলপার যদি এ ধরণের অ্যাপ তৈরি করতে চান, আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন সেজন্য প্রয়োজনীয় তথ্য ওই অ্যাপকে সরবরাহ করবে বলে জানিয়েছে।

    সংস্থা দুটো বলছে, এমনভাবে অ্যাপগুলো ডিজাইন করা হবে যাতে আক্রান্ত ও ব্যবহারকারীদের সব তথ্যের গোপনীয়তা রক্ষা করা যায়।

    তাদের কন্ট্যাক্ট-ট্রেসিং পদ্ধতিটি স্মার্টফোনের ব্লুটুথ সিগনালের মাধ্যমে করা হবে।

    প্রতিটি স্মার্টফোনই ব্লুটুথ সংযোগের তথ্য জমা রাখে। এই অ্যাপের আওতাধীন স্মার্টফোনগুলো সবসময় নজর রাখবে তারা কোন কোন ফোনের ব্লুটুথের কাছাকাছি দীর্ঘক্ষণ অবস্থান করেছেন যা করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ।

    এর মধ্যে কোনো ফোনের মালিক যদি কোয়ারেন্টিনে যান বা তার দেহে সংক্রমণ ধরা পরে, তাহলে ফোনের ব্লুটুথে থাকা সংযোগের তথ্য ব্যবহার করে সম্ভাব্য ঝুঁকিতে থাকা অন্য ফোনের মালিকদের সতর্ক করা সম্ভব হবে।

    এভাবে স্মার্টফোন ব্যবহারকারী সম্প্রতি কাদের সংস্পর্শে এসেছিলেন, সেই মানুষগুলোর মধ্যে কেউ পরে কোভিড -১৯ -এ আক্রান্ত হলে মূল হ্যান্ডসেটের মালিককে একটি সতর্কতা পাঠানো হবে।

    এ সময় কোনও জিপিএস অবস্থানের ডেটা বা ব্যক্তিগত তথ্য রেকর্ড করা হবে না।

    তবে এই অ্যাপ কতোটা কাজে দেবে সেটা নির্ভর করবে কোয়ারেন্টিনে থাকা বা সংক্রমণের শিকার হওয়া ব্যবহারকারীরা তথ্য শেয়ার করতে চাইছেন কিনা, সেটার ওপর।

    করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে সতর্ক করতে নতুন অ্যাপ নিয়ে আসছে গুগল অ্যাপল
    ছবির ক্যাপশান, করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে সতর্ক করতে নতুন অ্যাপ নিয়ে আসছে গুগল অ্যাপল
  20. ব্রাজিলে আদিবাসী গোষ্ঠীর একজন করোনাভাইরাসে মারা গেছেন, পুরো সম্প্রদায়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা

    ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রোড়াইমা রাজ্যে ইয়ানোমামি আদিবাসী গোষ্ঠীর ১৫ বছর বয়সী এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

    স্থানীয় কর্তৃপক্ষ বিবিসিকে এই তথ্য নিশ্চিত করে।।

    মানবাধিকার সংস্থাগুলো আদিবাসীদের উপর ভাইরাসের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আরও দু'জন ব্যক্তি ইতিমধ্যে মারা গেছে।

    যদিও এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।

    পুরো ব্রাজিলে, ১৭ হাজার ৮৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত। মারা গেছেন ৯৪১ জন।

    ব্রাজিলে করোনাভাইরাসে মৃত মানুষদের সুরক্ষিত পোশাক পরে কবর দেয়া হচ্ছে।
    ছবির ক্যাপশান, ব্রাজিলে করোনাভাইরাসে মৃত মানুষদের সুরক্ষিত পোশাক পরে কবর দেয়া হচ্ছে।