মঙ্গলবার সারাদিন যা যা ঘটেছে:
- মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
- মঙ্গলবার দুপুরের বৈঠকে সবশেষ ২২ হাজার টাকা সর্বনিম্ন মজুরি দাবি করেছেন শ্রমিক প্রতিনিধিরা। এর বিপরীতে ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করেছেন পোশাক কারখানার মালিকরা। এখনো আলোচনা চলছে এবং উভয় পক্ষ নতুন করে প্রস্তাব দেবে বলে জানা গেছে।
- রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রসজ্জিত উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতির অভিযোগ তুলেছে ইউরোপ। জার্মানিতে প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগটি ওঠার পর সেটি অস্বীকার করেছে ক্রেমলিন।
- গাজীপুরে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৭০ কারখানায় ছুটি।
- বাংলাদেশে হাম উপসর্গে আরও অন্তত নয় শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে।
- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বাংলাদেশে বর্তমানে সক্রিয় ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামী ২৯শে নভেম্বর শুরু হয়ে সংলাপটি চলবে পহেলা ডিসেম্বর পর্যন্ত।
- জুলাই হত্যা মামলায় অভিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের রিমান্ড দিয়েছে আদালত। এ দফায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
বিবিসি বাংলার সব খবর পেতে মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোড করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।