সোমবার সারাদিন যা যা ঘটেছে
- গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশের জেলায় জেলায় বিক্ষোভ। এই বিক্ষোভ থেকে অন্তত পাঁচ জেলায় কেএফসি, পিৎজা হাট, বাটাসহ এক ডজনেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট। জড়িতদের গ্রেফতারের নির্দেশ পুলিশ মহাপরিদর্শকের।
- মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ। এদিকে, ঢাকাসহ বিভিন্ন স্থানে যে বিক্ষোভ হচ্ছে, সেটি বিবেচনায় নিয়ে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
- গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
- ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সোমবার ক্লাস-পরীক্ষা হয়নি বাংলাদেশের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে।
- যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে আরোপ করা ৩৭ শতাংশ শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন।
- অন্নপূর্ণা-১ পর্বত জয় করেছেন বাংলাদেশের বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা-১ এর চূড়ায় পা রাখলেন তিনি।
- বাংলাদেশে বৈশ্বিক বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে সোমবার থেকে ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’।
- চাকরিতে পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সোমবার ঢাকায় সচিবালয় অভিমুখে যে মিছিল নিয়ে যাচ্ছিলো, সেটি পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেডে পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিবিসি বাংলার অন্যান্য খবর পড়তে ভিজিট করুন মূলপাতায়।































